কোস্টারিকার জয় মার্শালের জন্য
মাঠে থাকার কথা ছিল তাঁরও। কিন্তু গত মাসে গোল্ডকাপ খেলে দেশে ফেরার পরপরই কয়েক দিন আগে ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে ডেনিস মার্শালের প্রাণ। তবে না থেকেও মার্শাল কাল থাকলেন। থাকলেন সতীর্থের হূদয়ে। মার্শালের জন্য খেলা উজ্জীবিত কোস্টারিকা ২-০ গোলে হারিয়ে দিল বলিভিয়াকে। আর এই জয় উৎসর্গ করল মার্শালকেই।প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে রুখে দেওয়া বলিভিয়া কালও নিজেদের গোলপোস্ট সুরক্ষিত রেখেছিল ৫৮ মিনিট পর্যন্ত। কিন্তু ৬০ থেকে ৮০—এই ২০ মিনিটে নাটক হলো অনেক। ৫৯ মিনিটে কোস্টারিকাকে প্রথম গোল এনে দিলেন স্ট্রাইকার হোসুয়ে মার্টিনেজ, ৭৮ মিনিটে হোয়েল ক্যাম্পবেল। শুধু দুটো গোলই নয়, এই ২০ মিনিটে দুটো লাল কার্ডও বের করেছেন রেফারি।৭০ মিনিটে নিজেদের বক্সে হ্যান্ডবল করে লাল কার্ড দেখেন বলিভিয়ার রোনাল্ড রিভেরো। পেনাল্টিও পেয়ে যায় কোস্টারিকা। কিন্তু অ্যালেন গুয়েভারার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক কার্লোস আরিয়াস। এর পরের পাঁচ মিনিটের মধ্যে ১০ থেকে বলিভিয়া নয়জনের দল হয়ে পড়ে ওয়াল্টার ফ্লোরেসও লাল কার্ড দেখায়। শেষ ১৫ মিনিট নয়জনের দল নিয়েই খেলেছে বলিভিয়ানরা।এই জয়ের ফলে অনেকটাই নিশ্চিত হয়ে গেল অতিথি কোস্টারিকার কোয়ার্টার ফাইনাল। দলের আর্জেন্টাইন কোচ রিকার্ডো লা ভোলপে অবশ্য এই দাবিও করলেন, এই জয়ে উপকৃত হয়েছে তাঁর জন্মভূমিও, ‘আমাদের এই জয় আর্জেন্টিনার পক্ষেই গেল। গাণিতিক হিসাবে এটা আর্জেন্টিনার জন্য ভালো ফলাফল। বলিভিয়া জিতে গেলে হিসাবটা অন্য রকম হতো।’লা ভোলপের দল এখন ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ১২ জুলাই মুখোমুখি হবে আর্জেন্টিনারই। ওই ম্যাচটা না জিতলে অনেক সমীকরণের ফাঁদে পড়ে যাবে স্বাগতিকেরা। কঠিন সেই ম্যাচের জন্য এখনই প্রস্তুত হচ্ছেন লা ভোলপে, ‘আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি ড্র হওয়ার পরই আমরা বুঝে গেছি, এই ম্যাচটা আমাদের জন্য কতটা কঠিন হবে। আর্জেন্টিনা অবশ্যই আমাদের হারাতে চাইবে।’ এএফপি।