
‘ডিয়েগো কস্তা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, ও আমাদের কাছে তেমনি। আমার কাছে সেই বিশ্বসেরা’—হোয়াকিন ক্যাপেরোসের কথা শুনলে মনে হবে, বুঝি কোনো স্ট্রাইকারকে নিয়েই কথাটা বলেছেন। ভুল ভাবছেন। লেভান্তে কোচের প্রশংসাটা ছিল একজন গোলরক্ষককে নিয়ে। পরশু কোস্টারিকার ম্যাচ দেখলে কেইলর নাভাস সম্পর্কে এই বন্দনা খুব একটা বাড়িয়ে বলা বলে মনে হবে না। রেসিফেতে গ্রিক মহাকাব্যের সম্ভাব্য চিত্রনাট্য লেখাতে বাধ্য করেছেন নাভাসই। রুদ্ধশ্বাস ম্যাচ শেষে কোস্টারিকা যে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে, সেটা তো নাভাসের জন্যই!
হঠাৎ করেই বিশ্বকাপের সব আলো যেন শেষ প্রহরীদের ওপর। মেক্সিকোর গিলের্মো ওচোয়ার বীরত্ব দিয়ে শুরু। এরপর হুলিও সিজার দুই দিন আগে ব্রাজিলকে টাইব্রেকারে জিতিয়ে বনে গেলেন নায়ক। নাভাস কি সেটা থেকেই অনুপ্রেরণা

নিলেন? টাইব্রেকারের পর গোলরক্ষক নায়ক হয়ে যাবেন, সেটা স্বাভাবিকই। কিন্তু ম্যাচটা সে পর্যন্ত না গেলেও কি নাভাসের কীর্তি এতটুকু ম্লান হতো? তার আগেই যে দুটি অসাধারণ সেভ করেছিলেন, সেটা তো দুটি গোলেরই সমান। বিশেষ করে অন্তিম সময়ে কনস্টাস মিত্রোগ্লুর শটটা যখন জালে ঢোকার অপেক্ষায়, দারুণভাবে সেটা ঠেকিয়ে দিয়েছেন। গ্রিসের আক্রমণের জোয়ারের সামনে তুলে দিয়েছিলেন চীনের প্রাচীর। টাইব্রেকারেও থিওফানিস গেকাসের শটটা ঠেকিয়ে দেলেন এক হাতে। এমনি এমনি তো তাঁকে ‘কোস্টারিকার বাজপাখি’ বলা হয় না!
হোর্হে লুইস পিন্টো এমন জয়ের পর আবেগে ভেসে যাবেনই। নাভাসকে নিয়ে একটু বেশিই উচ্ছ্বসিত কোস্টারিকা কোচ, ‘সে অসাধারণ...বিশ্বের সেরাদের একজন। আমরা ওর ওপর আস্থা রেখেছিলাম। পেনাল্টিতে সবকিছু ওর নিয়ন্ত্রণেই ছিল। সে যা করেছে তাতে আমরা অনেক বেশি আত্মবিশ্বাস পাব।’ পিন্টো না হয় নিজের ছাত্র বলেই প্রশংসা একটু বেশি করছেন। গ্রিসের কোচ ফার্নান্দো সান্তোসের কথাটা নাভাসকে অন্য রকম একটা তৃপ্তি দেবেই, ‘ও যদি না থাকত, ফলটা অন্য রকম হতো।’
বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই প্রথম আলো ছড়িয়েছেন। তবে ইউরোপিয়ান মঞ্চে নাভাস নিজেকে চিনিয়েছেন আগেই। লেভান্তের হয়ে এই মৌসুমে অবিশ্বাস্য ফর্মে ছিলেন। ক্লাবের পক্ষে সবচেয়ে বেশি সময় ধরে গোল না খাওয়ার রেকর্ডটা লিখিয়েছেন নতুন করে। লা লিগায় লেভান্তে গোল খেয়েছে ৪৩টি, শীর্ষ চারটি ক্লাবই শুধু এর চেয়ে কম গোল খেয়েছে। সবচেয়ে বড় কথা, প্রতিপক্ষের আক্রমণের সব ঝড়-ঝাপটা তাঁকে একাই সামাল দিতে হয়েছে। পুরো মৌসুমে তাঁকে মোট ১৬৩টি সেভ করতে হয়েছে, ২৬৮ বার বল ছিনিয়ে নিতে হয়েছে। লা লিগায় এখানে তিনি অদ্বিতীয়। এমনি এমনি তো কোর্তোয়া, লোপেজদের ছাড়িয়ে মৌসুমের সেরা গোলরক্ষকের পুরস্কার পাননি! এএফপি, গার্ডিয়ান অবলম্বনে।