কোস্টারের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। নেপালে আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় আসরে সেই দুঃখটা ভুলতে চায় বাংলাদেশের যুবারা। কাল হয়ে গেল ছোটদের সাফ ফুটবলের ড্র। এতে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান, আফগানিস্তান, ভুটান ও স্বাগতিক নেপাল।বর্তমান রানার্সআপ ভারত শক্তিশালী বলে বড় গলায় ‘জিতব’ বলতে পারছে না বাংলাদেশ, তবে অপেক্ষাকৃত দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা প্রত্যাশা করতেই পারে। গত টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৬-২ গোলে।মাত্র এক মাসের অনুশীলনে নেপালে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। জাতীয় দলের সহকারী কোচ রেনে কোস্টার এই দলকে পেয়েছেন মাত্র ১০ দিনের জন্য। যাওয়ার আগে খেলেছে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ। আর যে দলটিকে তিনি পেয়েছেন, সেটি নিয়ে রেনে কোস্টার খুব খুশি নন। কাল নেপালের গণমাধ্যমকে জানিয়েছেন, ‘যেভাবে দল গড়া হয়েছে, তাতে আমি মোটেও খুশি নই। আরও ভালো দল গড়া যেত। অথবা এটাও হতে পারে, বাংলাদেশে এই পর্যায়ে এর চেয়ে ভালো খেলোয়াড়ই নেই। আমি এটা ঠিক জানি না। কারণ, দলটির সঙ্গে আমি একেবারেই নতুন। তবে আমি খুশি যে, এই ১০ দিনেই খেলোয়াড়দের দারুণ উজ্জীবিত লাগছে। ওরা খুবই কঠোর পরিশ্রম করেছে এবং সবাই খুব খুশি। আমার লক্ষ্য থাকবে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করা।’ দলে ভালো স্ট্রাইকারের অভাববোধ করছেন কোস্টার, ‘আমাদের ভালো গোলরক্ষক আছে, রক্ষণভাগও নিরেট। তবে আসল সমস্যা স্ট্রাইকিংয়ে।’ প্রতিপক্ষ সম্পর্কে কোনো ধারণা না থাকলেও বাংলাদেশ যুবদলটির কোচ নিজের লক্ষ্যে অবিচল, ‘আমাদের প্রতিপক্ষ কেমন খেলে, সেটা জানি না। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী স্বাভাবিক খেলাটাই খেলব।’গ্রুপ পর্বে বাংলাদেশ যথাক্রমে ২৩ ও ২৫ জুলাই খেলবে শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে।