নেপালের সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশ দলের ব্যর্থতার তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তদন্ত কমিটি এখনো হয়নি। তার আগেই বাংলাদেশ যুবদলের ব্যর্থতার ময়নাতদন্ত করে একটা প্রতিবেদন কাল জমা দিয়েছেন কোচ রেনে কোস্টার। তাঁর মতে, মানসম্পন্ন খেলোয়াড়ের অভাবেই বাংলাদেশের এই ব্যর্থতা।জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়ের কাছে লেখা দুই পৃষ্ঠার প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, মাত্র তিনজন ভালো খেলোয়াড় ছিল অনূর্ধ্ব-১৬ দলে—অধিনায়ক টুটুল হোসেন (বাদশা), মিঠুন সরকার ও আল আমিন। বাকি খেলোয়াড়দের মধ্যে বিশ্বনাথ, মোজাফফর, শাওন, তুষার, আতিক, রহমত, অনীক ও রবিউলের মধ্যে সম্ভাবনা আছে। তাঁদের সঠিক পরিচর্যা করলে ভবিষ্যতে তাঁরা ভালো করবেন বলে জানিয়েছেন কোচ।শ্রীলঙ্কার বিপক্ষে ৩-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ওই ম্যাচেও খেলোয়াড়দের বেশ কিছু ভুল চোখে পড়েছে কোস্টারের। ভারত ও নেপালের কাছে হারের অন্যতম কারণ ছিল গোলরক্ষক পাপ্পুর অনেকগুলো ভুল। আর স্বাগতিক নেপালের বিপক্ষে দল ভুগেছে স্নায়ুচাপে। ২০ মিনিটে ২ গোল খাওয়ার পর আর খেলায় ফেরা সম্ভব হয়নি। তবে আফগানিস্তানের বিপক্ষে পুরো ম্যাচেই খেলোয়াড়দের খেলার প্রশংসা করেছেন ডাচ কোচ। নেপালে আয়োজকদের সমালোচনাও করেছেন কোস্টার। সেখানে টিম হোটেলে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ছিল না, খাবারদাবারও ভালো ছিল না। এ জন্যই নাকি সেরা একাদশের পাঁচজন নেপালে গিয়েই অসুস্থ হয়ে পড়ে। তা ছাড়া এক বিছানায় দুজন খেলোয়াড়ের ঘুমানোর বিষয়টিও ভালো লাগেনি কোস্টারের কাছে। অনুশীলনের সময় চাহিদামতো মাঠ পাননি, বল পাননি—অভিযোগ করেছেন এসব নিয়েও।অবশ্য কোস্টারের প্রতিবেদন এখনো হাতে পাননি কাজী সালাউদ্দিন। তদন্ত কমিটি গঠন করার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানালেন বাফুফে সভাপতি, ‘কোস্টারের রিপোর্ট আমি এখনো দেখিনি। এ জন্য এখনই এ ব্যাপারে কিছু বলতে চাই না। আর তদন্ত কমিটির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’ নেপালে সেমিফাইনালে স্বাগতিকদের কাছে ৫-১ গোলে হারলেও আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।