৬ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৩৪৪ রান। গড় ১১৪.৬৬, স্ট্রাইক রেট ১২৩.২৯। সেঞ্চুরি দুটি আবার মাত্র ৫২ ও ৬১ বলে পাওয়া। সদ্য সমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া সিরিজে এই দুর্দান্ত খেলার নগদ পুরস্কার পেয়ে গেলেন বিরাট কোহলি। ১১৯ ম্যাচে ১৭টি সেঞ্চুরি করা এই ভারতীয় ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে টপকে এখন আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান। শচীন টেন্ডুলকার ও এম এস ধোনির পর র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা তৃতীয় ভারতীয় কোহলি। আমলা শীর্ষে ছিলেন টানা প্রায় তিন বছর।
সিরিজে ৪৭৮ রান করে র্যাঙ্কিংয়ে ছয় ধাপ টপকে তিনে উঠেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি। দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়া রোহিত শর্মা ২৫ ধাপ উঠে বসেছেন ক্যারিয়ার-সেরা ১৫ নম্বরে। পরিবর্তন এসেছে বোলারদের শীর্ষস্থানেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে আবারও এক নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের সাঈদ আজমল।
নিউজিল্যান্ডকে ধবলধোলাই করলেও ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে এগিয়েছেন পাঁচজন। ব্যাটিংয়ে মুশফিকুর রহিম ও সিরিজে সবচেয়ে বেশি রান করা নাঈম। এক শর বাইরে চলে যাওয়া নাঈম এখন ৯৬ নম্বরে। বোলিংয়ে সেরা এক শতে ঢুকেছেন সোহাগ গাজী (৮৫)। এগিয়েছেন দুই পেসার মাশরাফি ও প্রথম ওয়ানডেতে হ্যাটট্রিকসহ ৬ উইকেট পাওয়া রুবেল হোসেন।
দলীয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়ে হয়েছে ৮৩, তবে অবস্থান আগের সেই নয় নম্বরেই। ৬ পয়েন্ট কমায় সাত থেকে আটে নেমে গেছে নিউজিল্যান্ড। সবার ওপরে ভারত। তথ্যসূত্র: আইসিসি।
বাংলাদেশের শীর্ষ পাঁচ
ব্যাটসম্যান
অবস্থান রেটিং
২২ (-২) সাকিব আল হাসান ৬৩১
২৭ (-১) তামিম ইকবাল ৬১০
৩৯ (-৫) নাসির হোসেন ৫৫৮
৪৭ (+১১) মুশফিকুর রহিম ৫৪৪
৫১ (-) মাহমুদউল্লাহ ৫২৯
বোলার
১১ (-) আবদুর রাজ্জাক ৬৫১
২৩ (-৩) সাকিব আল হাসান ৬০২
৩৫ (+৭) মাশরাফি মুর্তজা ৫৪৫
৫৪ (+১৭) রুবেল হোসেন ৪৮৫
৫৮ (-২) শফিউল ইসলাম ৪৭৩
*বন্ধনীতে আগের অবস্থান