কোহলি এটা বলতে পারেন না, বলছেন বিসিসিআই কর্মকর্তা

ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে মুখোমুখি অবস্থানে কোহলি ও বিসিসিআইছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে বিরাট কোহলি ও ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের কিংবদন্তি অধিনায়ক ও বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়ার ব্যাপারে অনুরোধ করা হয়েছিল কোহলিকে। সে অনুরোধ না রাখায় সীমিত ওভারে আলাদা দুজন অধিনায়ক রাখতে চাননি তাঁরা।

কিন্তু কোহলি বলছেন, না ছাড়ার ব্যাপারে অনুরোধ দূরের কথা, তাঁর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটি বিসিসিআই ভালোভাবেই নিয়েছিল। পাশাপাশি আজ সংবাদ সম্মেলনে কোহলি এ-ও দাবি করেন, তাঁকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে যে সরিয়ে দেওয়া হচ্ছে, তা তাঁকে জানানো হয়েছে বিসিসিআইয়ের সঙ্গে সভার দেড় ঘণ্টা আগে।

তবে বিসিসিআই কোহলির কথা ঠিক নয় বলেই দাবি করছে। সৌরভের সঙ্গে সুর মিলিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বললেন, টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে কোহলি যেটা বলেছেন, সেটা ঠিক নয়। আগে জানানো হয়নি বলে কোহলির দাবিও নাকচ করে দিয়েছেন ওই কর্মকর্তা।

সাদা বলের ক্রিকেটে আর ভারতের অধিনায়ক নন বিরাট কোহলি
ছবি: এএফপি

ওয়ানডে অধিনায়কত্ব তাঁর হাতছাড়া হওয়ার পর আজ প্রথম মুখ খুলেছেন কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরের আগে আজ এক সংবাদ সম্মেলনে কোহলি বললেন, তাঁর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটি বিসিসিআই ভালোভাবেই নিয়েছিল, ‘যখন টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিই এবং এ ব্যাপারে যোগাযোগ করি, প্রথমে বিসিসিআইকে আমার সিদ্ধান্তের ব্যাপারে জানাই। আমার দৃষ্টিভঙ্গি কী, সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ কী, সে সময় ভালোভাবেই গ্রহণ করা হয়েছিল এটা। (বিসিসিআই) কিছু মনে করেনি, দ্বিধাও ছিল না তাদের এ ব্যাপারে। আমাকে না ছাড়তে বলা হয়নি; বরং সাদরেই গ্রহণ করা হয়েছিল। বলা হয়েছিল, এটা সঠিক ও সামনে এগিয়ে নেওয়ার মতোই সিদ্ধান্ত।’

কোহলির ওপরের কথাটিই কদিন আগে গাঙ্গুলীর বলা কথার সঙ্গে সাংঘর্ষিক। কোহলি এটিও বলেছেন, আনুষ্ঠানিক বিবৃতি আসার দেড় ঘণ্টা আগেও তিনি ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে জানতেন না। টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার পর সে পর্যন্ত তাঁর সঙ্গে বিসিসিআইয়ের যোগাযোগই হয়নি!

সৌরভের সঙ্গে সুর মিলিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বললেন, টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে কোহলি যেটা বলেছেন, সেটা ঠিক নয়।
ফাইল ছবি

তবে ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা তাকে জানাইনি, বিরাট কোহলি এটা বলতে পারে না। সেপ্টেম্বরেই তার সঙ্গে কথা বলে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে না করা হয়েছিল। যখন সে নিজে থেকেই ছেড়ে দিল, সাদা বলে দুজন অধিনায়ক রাখা কঠিন হয়ে পড়েছিল আমাদের জন্য।’

কোহলির কথা অনুযায়ী, ৮ ডিসেম্বর দল নির্বাচনের সভা শুরু হওয়ার ঘণ্টা দেড়েক আগে ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাঁকে বাদ দেওয়ার ব্যাপারে জানায় বিসিসিআই। তবে বিসিসিআইয়ের ওই কর্মকর্তা ভিন্ন কথা বলেছেন এ ব্যাপারেও, ‘চেতন শর্মা (প্রধান নির্বাচক) বিরাটকে ওয়ানডে অধিনায়কত্বের ব্যাপারে ওই সভার দিন সকালেই বলেছে।’