কোহলি-ধাওয়ানদের সমীহ করছেন স্টেইন-গান

২০০৮ সালের আহমেবাদাবাদ টেস্টের কথা মনে আছে? সেই যে ডেল স্টেইনের আগুনে পুড়ে খাক হলো ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপ, গুটিয়ে গেল ৭৬ রানে। কিংবা দুই বছর পর নাগপুর টেস্ট? সেখানে ৫১ রানে ৭ উইকেট এখনো স্টেইনের সেরা বোলিং। ওই বছরই আবার জ্বলে উঠলেন ডারবানে (৬/৫০)। ২০১১ জানুয়ারির কেপটাউন টেস্ট ভোলার তো কারণই নেই। আধুনিক ক্রিকেট দেখেছিল অন্যতম সেরা দ্বৈরথ। প্রাণবন্ত উইকেটে গতি, বাউন্স আর সর্পিল সুইংয়ে ভারতীয় ব্যাটসম্যানদের যথারীতি নাকাল করেছিলেন স্টেইন, কিন্তু ১৪৬ রানের অসাধারণ এক ইনিংসে জবাব দিয়েছিলেন শচীন টেন্ডুলকার। অনেকেই যেটিকে মনে করেন টেন্ডুলকারের ক্যারিয়ারের সেরা ইনিংস।
‘স্টেইন-গান’ গর্জে উঠতে প্রস্তুত আবারও। তবে এবার জবাব দেবেন কে? টেন্ডুলকার নেই। ভারতীয় মিডল অর্ডারে ‘ফ্যাবুলাস ফোর’-এর বাকি তিন দ্রাবিড়-সৌরভ-লক্ষ্মণ বিদায় নিয়েছেন তো আগেই। স্টেইনের হাতের ঝকঝকে ‘লাল চেরি’ সামলানোর জন্য শেবাগ-গম্ভীরও নেই। ব্যাটিং অর্ডারে একঝাঁক তরুণের সঙ্গে অভিজ্ঞ বলতে কেবল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গুঞ্জনটা তাই স্বাভাবিক যে, স্টেইন-মরকেলদের তোপ কতটা সামলাতে পারবেন ভারতের তরুণেরা? শর্ট বলে ভারতীয়দের চিরন্তন দুর্বলতা তো আছেই। সম্প্রতি দেশের মাটিতে ওয়ানডেতে ও নিষ্প্রাণ উইকেটেও গতি ও বাউন্সে ভারতীয় তরুণদের নড়বড়ে করে দিয়েছিলেন মিচেল জনসন। সব মিলিয়েই তাই অমন সংশয়। তবে স্টেইন স্বয়ং কিন্তু এমন ভাবছেন না! টাইমস অব ইন্ডিয়ায় নিজের কলামে বিশ্বসেরা বোলার লিখেছেন, এই প্রজন্মের ভারতীয় ব্যাটসম্যানরা শর্ট বলে নড়বড়ে নন!
গত দশকজুড়ে সন্দেহাতীতভাবে বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ ছিল ভারতের। সেই দলের বিপক্ষেও ১০ টেস্টে ৫৩ উইকেট আছে স্টেইনের। সেটা শুধু নিজ দেশের বাউন্সি উইকেটেই নয়, ভারতেও ৫ টেস্টে নিয়েছেন ২৬ উইকেট। আর টেন্ডুলকার-উত্তর যুগে ভারতের নতুন যুগের সূচনায় এবার দক্ষিণ আফ্রিকায় ব্যাটিং ওপেন করবেন শিখর ধাওয়ান ও মুরালি বিজয়। মিডল অর্ডারে চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে যোগ হবেন সম্ভবত অজিঙ্কা রাহানে। টেন্ডুলকার-দ্রাবিড়দের তুলনায় এই ব্যাটিং লাইনআপ নেহাতই শিশু!
স্টেইনের কলমে তবুও সমীহ, ‘ভারতের এই দলটা দারুণ চটপটে, শর্ট বলে ওদের ভয় পাইয়ে দেওয়া যাবে না। ওরা প্রস্তুত থাকবে, কারণ জানে ওদের জন্য কী অপেক্ষা করছে। আমি জানি বাউন্সারে ওদের নড়বড়ে করা যাবে না।’ এই ধারণার ভিত্তি কী, সেটা অবশ্য বলেননি স্টেইন। হতে পারে প্রতিপক্ষকে সম্মান দেখাতেই বলছেন, কিংবা হতে পারে সত্যিই বিশ্বাস করেন।
তবে সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছেন। সম্প্রতি দীর্ঘ চোট কাটিয়ে ফিরলেও মরচে যে ধরেনি, সেটার প্রমাণ পাকিস্তানের বিপক্ষে ৪ ওয়ানডেতেই ১৫ উইকেট। এক ম্যাচে ক্যারিয়ার-সেরা বোলিং করে (৫/২৫) এক ম্যাচ পরই আবার ছাড়িয়ে গেছেন নিজেকে (৬/৩৯)। ফর্মে তো আছেনই, প্রস্তুতি নিচ্ছেন মাঠের বাইরেও। ভিডিও বিশ্লেষণে কাটাছেঁড়া করছেন কোহলি-রোহিতদের, ‘প্রতিপক্ষ সম্পর্কে যতটা পারা যায়, তথ্য নিয়ে রাখি আমি। সর্বশেষ তিন ম্যাচে আমি নিজের সেরা বোলিংকে ছাড়িয়েছি দুবার। সেটার বড় কারণ ওই বিশ্লেষণ আর প্রস্তুতি। প্রতিটি ভারতীয় ব্যাটসম্যানের জন্যও আমার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। মাঠের লড়াইয়ে নামার জন্য আমার তর সইছে না।’
স্টেইনের দুর্দান্ত বোলিংয়ের পরও অবশ্য দেশের মাটিতে পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। উপমহাদেশের কোনো দেশের কাছে এই প্রথম দেশের মাটিতে হারল দক্ষিণ আফ্রিকা। চিরশত্রুদের এই কীর্তি বড় অনুপ্রেরণা হতে পারে ধোনিদের জন্য। তবে স্টেইন কিন্তু মোটেও শঙ্কিত নন, ‘পাকিস্তানের কাছে হেরেছি ঠিক, কিন্তু আমরা জানি আমরা সঠিক পথেই আছি। উন্নতিও করছি প্রতিদিন।’
জোহানেসবার্গের ওয়ানডে দিয়ে আগামী পরশু শুরু ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। জোহানেসবার্গেই দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ১৮ ডিসেম্বর। ওয়েবসাইট।