কোহলি-ধোনি বীরত্বের পরও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাধারণ এক বীরত্বগাথাই লেখা যেত তাঁকে নিয়ে। যোগ্য সেনাপতির বুক চিতিয়ে লড়াই করার এক মহাকাব্য। কিন্তু সামান্য এদিক-ওদিক হওয়ায় সে রকম বীররস তিনি জোগাতে পারলেন না। ১ রানের জন্য সেঞ্চুরি পাননি, কিন্তু মহেন্দ্র সিং ধোনি দলকে জয়ের মঞ্চে তুলতে গিয়েও ঠেলে ফেলে দিলেন কি না, সেই প্রশ্ন থাকছে। বিরাট কোহলিকে নিয়ে পঞ্চম উইকেটে ১৯৮ রানের জুটি গড়েছেন। বিরাট কোহলি আউট হয়েছেন সেঞ্চুরি করে। কোহলি আউট হওয়ার পরও অধিনায়কের দৃঢ়তায় ভারত যেখানে বড়সড় একটা লিড নেবে বলে মনে হচ্ছিল, সেই তারাই এখনো তাই ৩৩ রানে পিছিয়ে। হাতে মাত্র ২ উইকেট।ব্যাট হাতে নেমেছিলেন ৭১ রানে প্রথম চার ব্যাটসম্যানকেই হারিয়ে ফেলা দলকে উদ্ধার করতে। সামনে পড়ে ছিল লম্বা পথ আর কাঁটা বিছানো উইকেট, যেখানে দিতে হয় ধৈর্যের চরম পরীক্ষা। প্রায় ১৪৬ ওভার উইকেটকিপিং করার ক্লান্তি না ঘুচতেই ক্রিজে দাঁড়িয়ে ধোনি লড়লেন প্রবল স্রোতে মাথা ঠান্ডা রেখে। ধোনি ও কোহলি দুজনই এ সময়ের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যানদের মধ্যে পড়েন। কিন্তু দলের প্রয়োজনে কী আশ্চর্যভাবেই না রূপ পাল্টে ফেললেন!প্রায় ৮৬ ওভার ইংল্যান্ডকে আটকে রাখলেন দুজনে মিলে। ৮৬ ওভার মানে তো প্রায় পুরো একটা দিন! একসময় দুজনের মধ্যে রানের প্রতিযোগিতাও হচ্ছিল, ধোনি একবার এগিয়ে যান তো কোহলি আরেকবার। কোহলিই শেষ পর্যন্ত পেয়েছেন তাঁর তৃতীয় টেস্ট সেঞ্চুরিটা, ধোনি নব্বইয়ের ঘরে এক ঘণ্টারও বেশি সময় কাটিয়ে তাঁকে সঙ্গ দিয়েছেন। কিন্তু সেঞ্চুরির পরই মনঃসংযোগ ধরে রাখতে না পেরে কোহলি আউট হয়েছেন সোয়ানের বলে এলবিডব্লু হয়ে। ১০৩ রানের ইনিংসটায় খেলেছেন ২৯৫ বল!ধৈর্যের চরম পরীক্ষা দিচ্ছিলেন ধোনিও। ২৪৫ বলে করেছিলেন ৯৯। কিন্তু ২৪৬তম বলে হয়ে উঠলেন অধৈর্য। মিড অফে ঠেলেই ১ রানের জন্য ছুটেছেন। কিন্তু প্রতিপক্ষ অধিনায়ক কুকের সরাসরি থ্রোতে রানআউট। সমাপ্ত হয়েছে বলের হিসাবে টেস্টে তাঁর দীর্ঘতম ইনিংসটি।কোহলি-ধোনির মাঝখানে ফিরে গেছেন ঘরোয়া ক্রিকেটে তিন ট্রিপল সেঞ্চুরির মালিক রবীন্দ্র জাদেজা, পরে ফিরেছেন পীযূষ চাওলা। সারা দিনেও যেখানে উইকেট পড়ছিল না, শেষ বিকেলে সেখানেই ২৮ রানে ৪ উইকেটের পতন! চা-বিরতির এক ঘণ্টা পরও ভারতের স্কোর যেখানে ২৬৯/৪, তারাই দিন শেষ করেছে ৮ উইকেটে ২৯৭ নিয়ে।তবে শাপের মধ্যেও বর থাকে। ভারত বেশি দেরিতে অলআউট হলে ইংল্যান্ড নিশ্চিত ড্রয়ের কৌশল নিয়েই নামত। এখন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১০ উইকেট তুলে নেওয়ার জন্য বেশি সময়ই সম্ভবত পেতে যাচ্ছে ধোনির দল। ব্যাট হাতে দলকে জাগিয়ে তোলার কাজটা তো করেছেনই, ধোনির অনুপ্রেরণার সেই স্ফুলিঙ্গ ভারতীয় বোলারদের মনে আগুন জ্বাললে ম্যাচটা রোমাঞ্চকর বাঁক নিতেই পারে। তৃতীয় ইনিংসটাকেই তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এখন। ওয়েবসাইট।