কোহলি-পূজারায় ভারতের স্বস্তি
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা ছিল ভারতের জন্য একধরনের ‘টেস্ট কেস’। দুই ব্যাটিং স্তম্ভ রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের অবসরের পর প্রথম সিরিজ। সবার দৃষ্টি ছিল, এই দুই মহীরুহের জায়গায় দলে সুযোগ পাওয়া খেলোয়াড়দের পারফরম্যান্সের দিকে। আগ্রহ ছিল, নতুনেরা কতটা সুন্দরভাবে পুরোনোদের জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, সেটা নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর অবশ্য পুরো ব্যাপারটি স্বস্তিই দিয়েছে সবাইকে।রাহুল দ্রাবিড়ের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন চেতেশ্বর পূজারা। তিনি নিজেকে প্রমাণ করেছেন যে, তাঁর পূর্বসূরির অভাব মিটিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়েই এসেছেন। প্রথম টেস্টে ধৈর্যশীল ১৫৯ ও দ্বিতীয় টেস্টে ৪৮ রান করে প্রমাণ করেছেন, টেস্ট ক্রিকেটে ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করার মতো সব গুণই তাঁর আছে। ২৪ বছর বয়সী পূজারা এই সিরিজে নিজের টেম্পারামেন্ট ও টেকনিকের অসাধারণ নিদর্শন রেখেছেন, অর্জন করেছেন ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার আস্থা।পূজারার তুলনায় নিজেকে প্রমাণ করাটা বেশ আগেই সেরে ফেলেছেন বিরাট কোহলি। ২৩ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটে ভারতীয় মিডল অর্ডারকে দিয়েছেন পরিপূর্ণ নির্ভরতা। অনেকে তো তাঁকে ভারতীয় ক্রিকেটে ‘আগামী দিনের শচীন টেন্ডুলকার’ হিসেবেও অভিহিত করা শুরু করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা কোহলির জন্যও ছিল একধরনের পরীক্ষা। দলে ভিভিএস লক্ষ্মণ নেই। লক্ষ্মণ দীর্ঘ ১৬ বছর যে দায়িত্বটি পালন করেছেন, কিউইদের বিপক্ষে কোহলিকে ঠিক সেই দায়িত্বই পালন করতে দেখা গেল। বেঙ্গালুরুর শেষ টেস্টের দুই ইনিংসেই কিছুটা বিপদের মধ্যে থাকা দলকে তিনি দিয়েছেন দারুণ নির্ভরতা। প্রথম টেস্টেও ঠান্ডা মাথায় ব্যাট করে কোহলি প্রমাণ করেছেন পুরোনো গ্রেটদের জায়গায় তাঁর কাঁধে দায়িত্ব তুলে দেওয়া যেতেই পারে। রাহুল দ্রাবিড় তো বলেই ফেলেছেন, ‘এই মুহূর্তে কোহলি ভারতের সেরা ব্যাটসম্যান।’আর কিছুদিন পরই নিউজিল্যান্ডের চেয়ে অনেক শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের মাটিতে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। পূজারা ও কোহলির জন্য ওই দুই সিরিজের আটটি টেস্ট হতে পারে ‘এসিড টেস্ট’। ওই সিরিজ দুটিতে নিজেদের প্রমাণের সব ইঙ্গিত অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষেই দিয়ে রেখেছেন এই দুই প্রতিভাবান তরুণ। তার পরও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওই সিরিজ দুটি লক্ষ্মণ-দ্রাবিড়দের যোগ্য উত্তরসূরি হওয়ার পথে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির জন্য বড় এক পরীক্ষাই।কোহলি ও পূজারাকে নিয়ে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। তিনি বলেছেন, ‘কোহলি ও পূজারা নিউজিল্যান্ডের বিপক্ষে দুটো সিরিজে দারুণ খেলেছে। চাপের মুখে পারফর্ম করার মতো কাউকে আমাদের প্রয়োজন ছিল। পূজারা ও কোহলি এই কাজটি খুব সুন্দরভাবে সম্পন্ন করেছে।’ তিনি আরও বলেন, খেলতে খেলতেই এই দুজন নিজেদের পরিপূর্ণভাবে তৈরি করে ফেলতে পারবেন। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। রয়টার্স।