কোহলি বনাম লঙ্কান বোলিং?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অতিকায় দুটি বাস, সামনে-পেছনে নিরাপত্তাকর্মীদের গাড়িবহর। সাইরেন বাজিয়ে, চারপাশ কাঁপিয়ে মিরপুর স্টেডিয়ামে এল ভারতীয় দল। প্রথমে বাস থেকে নামলেন কোচ ডানকান ফ্লেচার। পিছু পিছু অমিত মিশ্র, চেতেশ্বর পূজারা, ঈশ্বর পান্ডে...ব্যস! তিনজনের অনুশীলনের জন্যই এত আয়োজন।
এমনিতে ভারতের কাল অনুশীলনই করার কথা ছিল না। শেষমেশ যে তিনজন এলেন, বাংলাদেশের বিপক্ষে একাদশে ছিলেন না তাঁদের কেউ। আজও থাকার সম্ভাবনা সামান্যই। আগের দিন ম্যাচ খেলার পর অবশ্য বিশ্রামে থাকাটাও দোষের কিছু নয়। দিবারাত্রির ম্যাচ যখন, আজ একটু আগে মাঠে গিয়ে ব্যাট-বলে ঠুকঠাক করার সুযোগ তো আছেই। বাংলাদেশের বিপক্ষে দারুণ এক জয়ের পর কাল বিরাট কোহলিদের দিন কাটল তাই হোটেলে সুইমিং আর হালকা জিম-টিম করে। তবে অনুশীলনে না গিয়েও কিন্তু ছিলেন কোহলি, সেটাও আবার শ্রীলঙ্কার অনুশীলনে!
না, ভুল পড়ছেন না। শ্রীলঙ্কার অনুশীলনেই ছিলেন কোহলি। সশরীরে অবশ্যই নয়, ছিলেন লঙ্কানদের ভাবনা-পরিকল্পনায়। ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচের আগে সব প্রতিপক্ষেরই মূল ভাবনা কোহলি, সেও এখন অনেক দিন। এই এশিয়া কাপের দলের বাস্তবতায় সেটা হয়ে দাঁড়িয়েছে বলতে গেলে একমাত্র ভাবনা। মিডল অর্ডারে যুবরাজ-রায়নারা নেই। রাহানে-রায়ডু-পূজারাদের প্রতিভা যতটা সংশয়হীন, ততটাই সংশয়পূর্ণ তাঁদের ম্যাচ জেতানোর সামর্থ্য। কদিন আগে আইপিএল নিলামে সাড়ে ১২ কোটি রুপির জ্যাকপট জেতা দিনেশ কার্তিক আছেন, তবে তিনি তো আর মহেন্দ্র সিং ধোনি নন! পরশুই ৩৫ রানে থাকা কোহলির ক্যাচ রুবেল হোসেন হাতে জমাতে পারলে বাংলাদেশ জিতে যেত, এই বিশ্বাস অনেকেরই। এই ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ এক খুঁটির ঘর। ফতুল্লার তক্তা উইকেটে অবশ্য ধাওয়ান-রোহিতও ভয়ংকর হয়ে উঠতে পারেন। বাড়িয়ে ধরলেও তাই ওই তিনজনই। এই টপ অর্ডার ছেঁটে ফেললে বাকিটা হুড়মুড় করে পড়ে যাওয়ার কথা।
লঙ্কানদের এসব না বোঝার কারণ নেই। কোহলি-শঙ্কাটাকে সঙ্গী করেও তাই একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সহ-অধিনায়ক দিনেশ চান্ডিমাল, ‘কোহলি অসাধারণ এক ব্যাটসম্যান। তিন-চার বছর ধরেই আসলে দারুণ খেলছে। তবে আমাদেরও মালিঙ্গার মতো বোলার আছে। দেখা যাক কাল কী হয়!’
মানে লড়াইয়ের অনুঘটকেরাও ম্যাচের আবহসংগীতে বাজাচ্ছেন ‘মালিঙ্গা বনাম কোহলি।’ যদিও এই লড়াই সাম্প্রতিক অতীতে ছিল একদমই একতরফা। ১৯ বারের দেখায় মাত্র একবারই কোহলিকে ফেরাতে পেরেছেন মালিঙ্গা, তাঁকে সবচেয়ে ভালো খেলা ব্যাটসম্যান হিসেবে ধোনি আর কোহলিকে রাখা হয় পাশাপাশি। তার পরও এই লড়াইয়ে কিছুটা বারুদের ঝাঁজ মিলছে আগের ম্যাচে মালিঙ্গার পারফরম্যান্সে। তবে আজ কোহলির উইকেটের জন্য মালিঙ্গাকে শেষ স্পেল পর্যন্ত অপেক্ষা করতে হলে তার আগেই ছুটে যেতে পারে ম্যাচ। পুরোনো বলে নয়, আজ শ্রীলঙ্কাকে জিততে হলে জ্বলে উঠতে হবে নতুন বলের মালিঙ্গাকে।
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে এমনিতে বলার বেশি কিছু থাকে না। ওয়ানডের সবচেয়ে নিয়মিত লড়াই যে এটিই! আজকের আগেই রেকর্ড ১৪৩ বার মুখোমুখি হয়েছে দুই দল, গত ৫ বছরেই ৩৭ বার। তবে সেই নিয়মিত সাক্ষাতে বিচ্ছেদ পড়েছিল সাত মাসের। ‘পুনর্মিলন’ হচ্ছে যে ম্যাচ দিয়ে, দুই দলের জন্যই সেটি দারুণ গুরুত্বপূর্ণ। জয়ী দল ফাইনালের পথে এগিয়ে যাবে অনেকটাই। অভিজ্ঞতা-সামর্থ্যে এগিয়ে শ্রীলঙ্কা, কিন্তু কোহলি তো একাই গড়ে দিতে পারেন ব্যবধান!
ওয়ানডেতে মুখোমুখি
ওয়ানডে ভারত শ্রীলঙ্কা টাই/পরি.
মোট ১৪৩ ৭৮ ৫৩ ১/১১
এশিয়া কাপে ১৮ ৯ ৯ ০/০
তাঁরা দুজন
বিরাট কোহলি
নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে তাঁর সাফল্যের চেয়ে ব্যর্থতাই অনেক সময় বড় খবর! আর সব দলের মতো শ্রীলঙ্কার বিপক্ষেও রেকর্ড দুর্দান্ত, ৩৩ ইনিংসে ৫ সেঞ্চুরি, ৮ ফিফটি, গড় ৫২.৮২। নেতৃত্বও যে চাপ না হয়ে তাঁর কাছে অনুপ্রেরণা হয়ে আসে, সেটির প্রমাণ আগে যেমন রেখেছেন, দেখিয়েছেন পরশুও। আজও অনভিজ্ঞ ভারতীয় ব্যাটিং লাইনআপের ছাতা হতে হবে তাঁকেই।
লাসিথ মালিঙ্গা
মালিঙ্গার ক্ষেত্রে ব্যাপারটি কোহলির উল্টো। বেশির ভাগ দলের বিপক্ষেই দুর্দান্ত, কিন্তু ভারতের সামনে বরাবরই আশ্চর্যরকম নিষপ্রভ! ৩২ ম্যাচে একবারও ৪ উইকেট নেই, ওভারপ্রতি রান দিয়েছেন ৬ ছুঁই-ছুঁই, গড় প্রায় ৪২! গত ম্যাচের দুর্দান্ত বোলিংয়ের পরও তাই আজকের ম্যাচ তাঁর জন্য আরেকটি পরীক্ষার। মালিঙ্গা ভারত-পরীক্ষায় উতরে গেলে শ্রীলঙ্কাও দৃষ্টিসীমায় দেখতে পাবে জয়।