রবি রামপল বিশ্ব রেকর্ড করলেন। তবে ম্যাচের পর হাসিটা থাকল না তাঁর মুখে। সেটি যে কেড়ে নিয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মা। তারই ফল—ওয়েস্ট ইন্ডিজের দাঁড় করানো ২৭০ রানের লক্ষ্যে ভারত পৌছে গেল ১১ বল হাতে রেখেই। ৫ উইকেটের এই জয়ে ওয়ানডে সিরিজে স্বাগতিকেরা এখন এগিয়ে ২-০ ব্যবধানে।বিশাখাপট্টনামে ম্যাচটা ছিল যথেষ্ট আকর্ষণীয়। প্রথম পর্বে সেটি করলেন ত্রিনিদাদের পেসার রামপল। ওয়ানডেতে শেষ উইকেট জুটির ১৪ ওভার ব্যাট করাটাই বিস্ময়ের। ওই ১৪ ওভারে যদি আসে ৯৯ রান, তাহলে তো বলতে হয় অসাধারণ কিছু। অভাবনীয় এই কীর্তির নায়ক রামপল ৬৬ বলে অপরাজিত ৮৬ রান করেছেন, ১০ নম্বরে নেমে যেটি ওয়ানডের সর্বোচ্চ ইনিংস, বিশ্ব রেকর্ডও। রামপলকে দারুণ সঙ্গ দিয়ে ৩৬ বলে অপরাজিত ২৪ রান করেছেন কেমার রোচ। দুজনের অবিচ্ছিন্ন শেষ উইকেট জুটিতে এসেছে ৯৯ রান। ১৭তম ওভারে ৩ উইকেটে ৮৪—ভারত ভালোই চাপে পড়েছিল। কিন্তু এরপর বিরাট কোহলি ও রোহিত শর্মার চতুর্থ উইকেটে ১৬৩ রান দলকে দিল নির্ভরতা। দলীয় ২৪৭ রানে ফিরলেন ম্যাচ সেরা কোহলি, ততক্ষণে অষ্টম ওয়ানডে সেঞ্চুরি পাওয়া কোহলির নামের পাশে ১১৭ (১২৩ বল ১৪ চার)। ৯৮ বলে ৭ চার এবং দুই ছয়ে ৯০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রোহিত। খানিকটা বাউন্স ছিল উইকেটে। মেঘলা আকাশের নিচে খানিকটা সুইংও পেলেন উমেশ যাদব ও বিনয় কুমার। ১৬ ওভারেই ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৬৩! বিপর্যয় কাটানোর ইঙ্গিত ছিল পোলার্ড-সিমন্সের ষষ্ঠ উইকেট জুটিতে। কিন্তু অশ্বিনকে টানা দুটি ছয়ের পর পোলার্ডের (৩০ বলে ৩৫) বিদায়ে ভাঙে ৫৬ রানের এই জুটিও। ৭৮ রান করা লেন্ডল সিমন্সের রানআউটে ৩৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ১৭০। এই মাঠে আগের ৩ ম্যাচের ৬ ইনিংসে সর্বনিম্ন রান ছিল ২৫৯। কাল মনে হচ্ছিল দুই শর মধ্যেই গুটিয়ে যাবে উইন্ডিজ।কিন্তু রামপল ভেবেছিলেন অন্য কিছু! অশ্বিনকে সুইপে চার মেরে খুলেছেন রানের খাতা, প্রথম ছয়টিও মেরেছেন অশ্বিনকে লং অন দিয়ে। পরে এই অফ স্পিনারকেই মিড উইকেট দিয়ে এক ওভারেই মেরেছেন দুটি ছয়। মিড উইকেট দিয়ে উড়িয়েছেন জাদেজাকেও, অ্যারনকে থার্ডম্যানের ওপর দিয়ে। ৩৫ বলে ছুঁয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি। ইনিংসের শেষ বলে সাইটস্ক্রিনে আছড়ে ফেলেছেন অ্যারনকে। ৬ চার ও ৬ ছয়ে ৮৬, ১০ নম্বরে নেমে আগের সর্বোচ্চ অপরাজিত ৭৩ ছিল মোহাম্মদ আমিরের। ১০ নম্বরে নেমে এর আগে চারটির বেশি ছয় মারতে পারেননি কেউ। ওয়েবসাইট।কিন্তু সবই চাপা পড়ে গেল কোহলি-রোহিতের ব্যাটের নিচে। সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৬৯/৯ (সিমন্স ৭৮, বারাথ ০, স্যামুয়েলস ৪, ব্রাভো ১৩, হায়াট ০, রামদিন ২, পোলার্ড ৩৫, স্যামি ২, রাসেল ১১, রামপল ৮৬*, রোচ ২৩*; যাদব ৩/৪৩, জাদেজা ২/৩৯, বিনয় ২/৪৩, অশ্বিন ১/৭৪)। ভারত: ৪৮.১ ওভারে ২৭০/৫ (প্যাটেল ২, শেবাগ ২৬, গম্ভীর ১২, কোহলি ১১৭, রায়না ০, জাদেজা ৯। রোহিত ৯০*; রোচ ২/৪০, রামপল ২/৬২, স্যামুয়েলস ১/৪০)।