কোহলিকে অধিনায়ক চান গাভাস্কার
দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের জ্বালা সুনীল গাভাস্কারের চেয়ে ভালো আর কে জানে! ২৮ বছর আগে ভারতের হেরে যাওয়া সেই সিরিজের অধিনায়ক ছিলেন তিনি। সিরিজ পরাজয়ের পাশাপাশি ব্যাটে ছিল রানখরা। পাঁচ টেস্টের সিরিজে ১৭.৫০ গড়ে করেছিলেন ১৪০ রান। ইংল্যান্ডের কাছে হারের পর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় গাভাস্কারের। ২৮ বছর পর আবারও ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে সিরিজ হারল ভারত। সেই গাভাস্কার এবার কমেন্ট্রি বক্সে বসে দেখলেন দলের ব্যর্থতা এবং তা দেখে একটা দাবি তুলে দিচ্ছেন—নেতৃত্বে আসুক পরিবর্তন! নতুন অধিনায়ক হিসেবে অনেকেই বলছেন গৌতম গম্ভীরের নাম। তবে গাভাস্কারের পছন্দ আরও তরুণতর, বিরাহ কোটলি।সিরিজ হার নিশ্চিত হওয়ার পর পরশু একটি টিভি চ্যানেলকে গাভাস্কার বলেছেন, ‘নাগপুর টেস্টের চতুর্থ দিন পর্যন্ত আমি ধোনিকেই সমর্থন দিতাম। কিন্তু কোহলি চাপের মুখে নিজের স্বাভাবিক খেলাটায় লাগাম পরিয়ে অসাধারণ এক সেঞ্চুরি করেছে। সে নিজের নতুন একটা দিক আবিষ্কার করেছে। টেস্ট ক্রিকেটের মশাল বয়ে নেওয়ার জন্য কোহলি এখন প্রস্তুত। সবাইকে এ ব্যাপারটায় ইতিবাচকভাবে ভেবে দেখতে হবে। কারণ, এখানেই আমাদের ভবিষ্যৎ।’কোহলির বয়স মাত্র ২৪। এত কম বয়সে ভারতের টেস্ট নেতৃত্ব দিয়েছেন মাত্র তিনজন। মনসুর আলী খান পতৌদি, কপিল দেব ও শচীন টেন্ডুলকার। তবে অধিনায়কের স্বাদ কোহলির জন্য অচেনা কিছু নয়। ভারতকে যুব বিশ্বকাপ জেতানো কোহলির কাঁধে একদিন নেতৃত্বভার উঠবেই মনে করছেন অনেকে। ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবেই গড়ে তোলা হয়েছে তাঁকে। তবে প্রশ্নটা হলো, কোহলির জন্য এটাই আসল সময় কি না।এক দিক দিয়ে ধোনি আসলে ভাগ্যবান। সত্তরের দশকে অজিত ওয়াড়েকর ভারতকে টানা তিনটি সিরিজ জিতিয়েছিলেন। এর মধ্যে দুটো সিরিজ ছিল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মাটিতে। তার পরও চারটির বেশি সিরিজে অধিনায়ক থাকতে পারেননি। ইংল্যান্ডে গিয়ে আবার হেরে আসার পরই ছাঁটাই হয়েছিলেন, আগের তিন সিরিজের কীর্তি ভুলে গিয়েছিল সবাই। বিষেণ সিং বেদী থেকে গাভাস্কার, কপিল—তাঁরা কেউই ধোনির মতো অধিনায়ক হিসেবে টানা এত লম্বা আয়ু পাননি। ৪৩ টেস্টে নেতৃত্ব দিয়েছেন ধোনি। তাঁর চেয়ে বেশি ভারতের হয়ে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গাঙ্গুলী (৪৯), মোহাম্মদ আজহারউদ্দিন (৪৭) ও গাভাস্কার (৪৭)। কেবল সৌরভই টানা এতগুলো টেস্টে অধিনায়ক ছিলেন। আজহার-গাভাস্কারা নেতৃত্ব পেয়েছেন বিভিন্ন মেয়াদে।ধোনি অবশ্য ভারতের সফল অধিনায়কদেরও একজন। টি-টোয়েন্টির পর আসল বিশ্বকাপও জিতিয়েছেন। ধোনির সময় টেস্টে এক নম্বরে উঠেছিল ভারত। সবচেয়ে বেশি টেস্টজয়ী ভারত অধিনায়কের রেকর্ডটি সৌরভের (২১ টেস্টে জয়), তারপরই ধোনি (২০)। কিন্তু এটাও সত্য, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দুই সফরেই ০-৪-এ ধবলধোলাইয়েরও পরও ধোনির নেতৃত্ব নিয়ে কেউ এতটা প্রশ্ন তোলেনি। এমনকি দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার পরও খুব যে শোরগোল উঠেছে, তাও কিন্তু নয়। ২৮ বছর আগের সেই সিরিজের দুঃসহ অভিজ্ঞতা আছে আরেকজনে। গাভাস্কারের তখনকার ওপেনিং সঙ্গী কৃষ্ণমাচারি শ্রীকান্ত এবারও ‘ব্যাট’ করছেন গাভাস্কারের সঙ্গে। ‘ধোনি বাসি হয়ে গেছে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে থাকে না, এমন সময় কী করা উচিত ও যেন ভেবেই পায় না। ওর আর টেস্ট অধিনায়ক থাকা উচিত নয়’— বলেছেন শ্রীকান্ত। ওয়েবসাইট।