কোহলিকে আউট করতে একটি বলই লাগে, বললেন মালিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে মালিঙ্গা
সংবাদ সম্মেলনে মালিঙ্গা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের সেমিফাইনালে জয়সূচক ছক্কা মারার পর টিভিতে ভেসে এল ভাষ্যকারের মুগ্ধতা মাখানো কণ্ঠস্বর, ‘বিরাট কোহলি, ইউ রান মেশিন!’ কোহলি রান মেশিন, এ কথা পুরোনোই। বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই মেশিন থামাবে কে? এমন প্রশ্ন মাথায় আছে শ্রীলঙ্কারও। আগামীকালের ফাইনালের আগে লাসিথ মালিঙ্গা জানালেন, কোহলিকে আউট করতে একটি বলই লাগে ।

সংবাদ সম্মেলনে লঙ্কান টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন, ‘সবাই জানি বিরাট (কোহলি) অসাধারণ খেলোয়াড়।’ এর পরই মালিঙ্গা মনে করিয়ে দিলেন এক ধ্রুব সত্য। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘সেরা খেলোয়াড়ের আউট হতে কিন্তু এক বলই লাগে। ভালো লাগছে বলতে, আমার দলে আগামীকাল ওই একটা ভালো বল করার বোলার রয়েছে।’        

কোহলি-মালিঙ্গার লড়াই দেখতে মুখিয়ে আছেন সমর্থকেরা। লঙ্কান অধিনায়ক অবশ্য নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানকে নিয়ে রণপরিকল্পনা সাজাতে নারাজ। বললেন, ‘আমাদের পুরো ২০ ওভার নিয়েই পরিকল্পনা করতে হবে। তাদের ছয়-সাতজন ভালো ব্যাটসম্যান রয়েছে। আমরা নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানকে আউট করা নিয়ে ভাবছি না। ২০ ওভারে ভালো বল করাই আমাদের লক্ষ্য। বিরাট (কোহলি) ভালো খেলোয়াড়। কিন্তু তাকে যদি একটি ভালো বল করতে পারি, তবে সে ফিরে যাবে।’

প্রায় তিন মাস ধরে বাংলাদেশে ঘাঁটি গেড়েছে শ্রীলঙ্কা (বিশ্বকাপ শুরুর আগে কয়েক দিনের জন্য অবশ্য দেশে গিয়েছিলেন মালিঙ্গারা)। এর মধ্যে সব সিরিজই জিতেছে। সবচেয়ে বড় সাফল্য এশিয়া কাপ জয়। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতে পারবে তারা? বললেন, ‘বাংলাদেশে আমরা অনেক ক্রিকেট খেলেছি। সবাই নিজেদের কাজটি করতে সামনে তাকিয়ে আছি। এশিয়া কাপ জিতেছি। আগামীকালও নিজেদের উন্নতি প্রমাণের দারুণ সুযোগ রয়েছে। আমাদের সেরাটা দেখতে সবাই তাকিয়ে আছে। এখানকার মাঠ, কন্ডিশন সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ায় আমাদের ভালো সুযোগ রয়েছে। তবে যে কেউ জিততে পারে। যারা কম ভুল করবে, তারাই জিতবে। আগামীকাল কম ভুল করার চেষ্টা থাকবে আমাদের।’

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ঘোষণা দিয়েছে, এবার দল যদি টি-টোয়েন্ট বিশ্বকাপ জেতে তাহলে ক্রিকেটারদের দেওয়া হবে ১৫ লাখ মার্কিন ডলার (সাড়ে ১১ কোটি টাকা প্রায়)। অর্থের চেয়ে দল বড়—মালিঙ্গার কণ্ঠে সেটিরই অনুরণন, ‘কত টাকা পাব, তা নিয়ে কোনো চিন্তা করি না। আমরা শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করতে ভালোবাসি বলেই খেলি। ক্রিকেটে শ্রীলঙ্কা একটা ব্রান্ড। এভাবেই আমরা প্রতিদিন খেলার চেষ্টা করি। আগামীকালও এর ব্যত্যয় ঘটবে না। কত টাকা পাব, তা নিয়ে কখনোই ভাবব না।’