কোহলিকে ধোনির উপহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলি
বিরাট কোহলি

ম্যান অব দ্য ম্যাচের সুদৃশ্য ট্রফিটা তো পেলেন। সঙ্গে রান তাড়ায় আরেকটি নিখুঁত ইনিংস খেলে দলকে ফাইনালে তোলার তৃপ্তি। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই আরেকটা উপহার পেয়ে গেছেন বিরাট কোহলি তাঁর অধিনায়কের কাছ থেকে। ম্যাচটা নিজ হাতে শেষ করার সুযোগ!
ভারতের জয়ের জন্য যখন প্রয়োজন ৭ বলে ১, বিউরান হেনড্রিকসের স্লোলার শর্ট বলে শট না খেলে আলতো করে ঠেকিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারের প্রথম বলে ডেল স্টেইনকে চার মেরে উল্লাসে ফেটে পড়লেন কোহলি, দেখালেন আবেগের বিস্ফোরণ। পুরস্কার বিতরণীতে স্টার স্পোর্টসকে ধোনি বললেন, ‘এই ম্যাচে বিরাটের জন্য আমি সবচেয়ে কম যা করতে পারতাম, তা হলো জয়সূচক রানটা করার সুযোগ ওকে দেওয়া। এ জন্যই ওই বলে রান নেইনি।’
সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠতেই লাজুক হাসি কোহলির মুখে। ঠোঁটে দাঁত কামড়ে বললেন, ‘আমি ওকে বলেছিলাম ম্যাচ শেষ করে দিতে। কিন্তু মাহি বলল, ‘‘এই ম্যাচে তোকে আমার আর দেওয়ার কিছু নেই। এত ভালো ব্যাটিং করেছিস, এটা আমার পক্ষ থেকে তোর জন্য উপহার। যা, উইনিং শটটা তুই-ই খেল।” আমি খুশি মনেই মেনে নিলাম। দলকে জয় এনে দেওয়া শট খেলার অনুভূতিই অন্য রকম।’
অধিনায়কের এমন ব্যতিক্রমী উপহারই বলে দিচ্ছে কোহলির ইনিংসটির মাহাত্ম্য। দক্ষিণ আফ্রিকা কখনোই ম্যাচে ফিরতে পারল না তো এক পাশে কোহলি ছিলেন বলেই! রান তাড়া করার ব্যাপারটিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া কোহলি আরেকবার দেখালেন, কতটা নিপুণ শিল্পী তিনি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসও দুই দলের মাঝে ব্যবধান মানলেন কোহলিকে, ‘অসাধারণ এক ইনিংস খেলেছে বিরাট। আমরা সব সময়ই জানতাম, সে কী করতে পারে, জানতাম আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি সে-ই। এ জন্যই চেষ্টা করেছি ওকে আউট করতে। কিন্তু আরও একবার রান তাড়ায় দুর্দান্ত মুনশিয়ানা দেখিয়েছে সে। ইনিংসটা গড়েছে অসাধারণভাবে। শুরুতে একটুও ঝুঁকি নেয়নি, প্রয়োজনের সময় ঠিকই শট খেলেছে ঠান্ডা মাথায়।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। আন্তর্জাতিক ও আইপিএল-চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টি-টোয়েন্টিতে স্মরণীয় ইনিংসের অভাব নেই। তবে কোহলি সেরা মানলেন কালকের ৪৪ বলে অপরাজিত ৭২ রানের ইনিংসটিকেই, ‘এর চেয়ে বেশি ঝোড়ো ইনিংস খেলেছি আমি। এর চেয়ে বেশি রান তো করেছিই। কিন্তু ম্যাচের গুরুত্বের কথা ভাবলে এটাকেই এগিয়ে রাখব।’
কালকের আগে টি-টোয়েন্টিতে ১০ বার ১৭০ ছুঁয়ে একবারও হারেনি দক্ষিণ আফ্রিকা। কিন্তু কাল ব্যর্থ পুরো বোলিং আক্রমণ। এমনকি ডেল স্টেইন পর্যন্ত রান গুনেছেন ওভারপ্রতি প্রায় সাড়ে ১১ করে! ডু প্লেসিস স্রেফ মেনে নিলেন ভারতের শ্রেষ্ঠত্ব, ‘স্টেইনও তো মানুষ, দু-একটি দিন খারাপ যেতেই পারে। আর ভারতের ব্যাটসম্যানরা দারুণ খেলেছে। মাঝে মাঝে এমন দিন আসে, যখন প্রতিপক্ষ এতটাই ভালো খেলে যে কিছুই করার থাকে না। সবদিক থেকে যোগ্যভাবেই ফাইনালে উঠেছে ভারত।’
কারণ যা-ই হোক, আরেকবার শেষ চারে মুখ থুবড়ে পড়ল দক্ষিণ আফ্রিকান রথ। এই নিয়ে ১০ বার আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলে সম্বল সেই ১৯৯৮ নকআউটের ফাইনালই। তবে বিস্ময়করভাবে কাল ডু প্লেসিসের সংবাদ সম্মেলনে চোকিং নিয়ে প্রশ্ন হলো না একটিও! এই টুর্নামেন্ট থেকে এটাকেই একটা প্রাপ্তি ধরে নিতে পারে প্রোটিয়ারা। এবার তো অন্তত চোক করেনি!