কোহলিকে বোল্টদের অভিনন্দন

একাদশে বৃহস্পতি বাগ্ধারাটার ব্যাখ্যা এখন চাইলে অন্য দুটি শব্দে দিয়ে দেওয়া যায়—বিরাট কোহলি!
ব্যাট হাতে রানের বান ছুটিয়ে চলেছেন, ‘বাণিজ্য লক্ষ্মী’ও ভালোই সঙ্গ দিচ্ছে ভারত অধিনায়ককে। দিন দুয়েক আগেই জার্মান ক্রীড়াসামগ্রী নির্মাতাপ্রতিষ্ঠান পিউমার সঙ্গে ১০০ কোটি রুপির চুক্তি করেছেন। আট বছর মেয়াদি চুক্তিটির পর ২৮ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যানের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে প্রতিদিন চার কোটি রুপি!
কি ক্রিকেট, কি বাণিজ্য—সব দিকেই তো ভাগ্য গড়ে নিচ্ছেন। এখন কোহলির নতুন আরেকটি ইচ্ছা জেগেছে, কোনো একদিন উসাইন বোল্টের মতো জোরে দৌড়াবেন! জ্যামাইকান কিংবদন্তি স্প্রিন্টারও পিউমার শুভেচ্ছাদূত! কোহলির সঙ্গে পিউমার চুক্তির পর টুইটারে তাঁকে অভিনন্দনও জানিয়েছেন সর্বকালের সেরা স্প্রিন্টার, ‘কোহলি, দুর্দান্ত ব্র্যান্ডই পছন্দ করেছ। সময় এসেছে পরের ধাপে যাওয়ার!’ সেটির জবাবেই কোহলি জানিয়েছেন নিজের ‘বোল্ট’ হওয়ার ইচ্ছা, ‘যদি কখনো তোমার মতো জোরে দৌড়াতে পারতাম! ধন্যবাদ, কিংবদন্তি!’
তবে শুধু বোল্টই নন, কোহলিকে অভিনন্দন জানিয়েছেন পিউমার আরেক শুভেচ্ছাদূত সেস্ক ফ্যাব্রিগাস। হাতে এক জোড়া বুটের ছবিসহ চেলসির স্প্যানিশ মিডফিল্ডারের টুইট, ‘আরেকজন কিংবদন্তি দলে যোগ দিলেন। কোহলি, পিউমা জগতে তোমাকে স্বাগত। এই নাও, তোমার জন্য উপহার (বুট)!’ স্প্যানিশ ও ইংরেজির ব্যবহারে ভারত অধিনায়ক ধন্যবাদ জানিয়েছেন তাঁকেও, ‘উপহারটির জন্য তোমাকে ধন্যবাদ। তুমি একজন চ্যাম্পিয়ন। চমকের অপেক্ষায় থাকো!’
ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে তাহলে অন্য খেলার চ্যাম্পিয়নদের সঙ্গেও খাতির গড়ে উঠছে কোহলির। ডেকান ক্রনিকল।