কোহলিকে 'একটু' শাসন

তাঁর মধ্যে শচীন টেন্ডুলকারের ছায়া দেখেন অনেকে। কারও কারও কাছে বিরাট কোহলি এখনই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। ব্যাট হাতে তিনি পরবর্তী টেন্ডুলকার হতেই পারেন। কিন্তু ক্রিকেট-ব্যক্তিত্ব হিসেবে যে কোহলি টেন্ডুলকারের ধারেকাছেও নেই, সেটা তিনি প্রমাণ করেছেন এরই মধ্যে। ভারতীয় এক সাংবাদিককে গালাগালি করে যে বিতর্কের জন্ম দিয়েছেন, তা গড়িয়েছে অনেক দূর। ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেছিলেন আইসিসির কাছে। আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে। ভবিষ্যতে এমনটা যাতে আর না ঘটে, সে জন্য কোহলিকে সতর্কও করে দিয়েছে বিসিসিআই।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ সামনে রেখে পার্থের মারডক ওভালে অনুশীলন করছিল ভারতীয় দল। হঠাৎই ভারতীয় এক সাংবাদিককে সামনে পেয়ে গালাগালি শুরু করেন কোহলি। পরে জানা যায়, প্রেমিকা অনুশকা শর্মাকে নিয়ে লেখা কোনো একটি প্রতিবেদন পড়ে সংশ্লিষ্ট সেই সাংবাদিকের ওপর তাঁর রাগ হয়েছিল। তিনি মনে করেছিলেন, ইনিই বুঝি সেই সাংবাদিক। ব্যস, ইচ্ছেমতো গালাগালি করলেন এই সাংবাদিককে। পের বুঝতে পারেন সেই প্রতিবেদনের সাংবাদিক আর গালি খাওয়া সাংবাদিক এক নন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে।
জানা গেছে, ভুক্তভোগী সাংবাদিকের নাম যশবিন্দর সিধু। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস-এর হয়ে বিশ্বকাপ কাভার করছেন তিনি। আকস্মিক এ ঘটনাটা প্রায় তাৎক্ষণিকভাবেই হতবিহ্বল যশবিন্দর জানিয়ে দেন তাঁর পত্রিকাকে। নিজে আইসিসির কাছে অভিযোগ করেন কোহলির বিরুদ্ধে, পত্রিকার তরফে অভিযোগ করা হয় বিসিসিআইয়ের কাছেও।
পরিস্থিতি সামাল দিতে অবশ্য সব রকম চেষ্টাই করে যাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মিডিয়া ম্যানেজার আর এন বাবা তো ‘গালি’র কথা সরাসরি অস্বীকার করে এক বিবৃতিও দিয়েছেন, ‘একটা ভুল-বোঝাবুঝি থেকে ব্যাপারটার উৎপত্তি। কিন্তু কোহলি গালিগালাজ বা খারাপ ভাষা ব্যবহার করেননি। আর ঘটনার পরপরই ওই সাংবাদিকের সঙ্গে কথা বলে ব্যাপারটি কোহলি মিটমাট করে নিয়েছেন।’ কিন্তু যশবিন্দরের দাবি, কোহলি তাঁর সঙ্গে ওই ঘটনার পর কোনো কথাই বলেননি। অন্য এক সাংবাদিকের মাধ্যমে নাকি ‘দুঃখ প্রকাশ’ করেছেন। যেটাকে বেশির ভাগ ভারতীয় সংবাদমাধ্যম বলছে—পরিষ্কার মিথ্যাচার৷ ভাবমূর্তি খারাপ হয়ে যাওয়ার কারণেই নাকি ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমন মিথ্যায় ভরা বিবৃতি পাঠানো হয়েছে।
পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে মুখ খুলেছেন বিসিসিআইয়ের নবনিযুক্ত সচিব অনুরাগ ঠাকুরও, ‘পার্থে গত মঙ্গলবার ঘটে যাওয়া ঘটনা নিয়ে বিসিসিআই ওয়াকিবহাল। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে জন্য সতর্ক থাকতে হবে। যে খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন উঠেছে তাকে বলা হয়েছে ভারতীয় দলের সম্মান বজায় রাখতে এবং এ রকম আচরণ বর্জন করতে।’
বোর্ড সামান্য ‘বকে দিয়ে’ কাজ সেরেছে। তবে এমন আচরণের জন্য সাবেক ক্রিকেটাররা কোহলির সমালোচনাই করছেন। ভি ভি এস লক্ষ্মণ যেমন বলেছেন, ‘বিরাটের এমন আচরণ করা মোটেও ঠিক হয়নি। আবেগকে নিয়ন্ত্রণে রাখা শিখতে হবে তাকে।’ সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়াহর মতে, ‘ভদ্রলোকের খেলায় কোহলিকে আরও পরিণত হতে হবে।’ আরেক সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলরের মতে, ‘এ ভুল থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে আরও বড় মাশুল দিতে হতে পারে তাকে।’ এএফপি, ক্রিকইনফো, হিন্দুস্তান টাইমস।