কোহলিতে টেন্ডুলকারের ছায়া
শচীন টেন্ডুলকারের শূন্যস্থান পূরণে সবচেয়ে যোগ্য মনে করা হচ্ছে তাঁকেই। ওয়ানডেতে দলের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন বেশ আগেই। টেস্টেও টেন্ডুলকারের জায়গায় নেমে প্রথম ইনিংসেই করেছেন সেঞ্চুরি। ‘টেন্ডুলকারের উত্তরসূরি’ আলোচনার পালে আরেকটু হাওয়া দিলেন অ্যালান ডোনাল্ড। জোহানেসবার্গে বিরাট কোহলির ইনিংসটি দেখে ১৯৯৬ সালের টেন্ডুলকারকে মনে পড়ছে দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ ও পেস কিংবদন্তির।
১৯৯৬ সালের দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউনে প্রোটিয়া পেস ব্যাটারির বিপক্ষে ১৬৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন ২৩ বছর বয়সী টেন্ডুলকার। সে সময় ফর্মের তুঙ্গে থাকা ডোনাল্ডের গতি ও বাউন্সের জবাব দিয়েছিলেন দারুণভাবে। পরশুর কোহলিকে দেখে ডোনাল্ড ফিরে গেছেন সেই সময়ে, ‘কোহলির ইনিসংটি দেখে প্রথম যে কথাটি মনে হয়েছে, তা হচ্ছে দায়িত্ববোধ। ওর ব্যাটিংয়ে ছিল দারুণ শৃঙ্খলা ও দায়িত্ববোধ। ওকে দেখে আমার ১৯৯৬ সালের টেন্ডুলকারের কথা মনে পড়ে গেছে। সে সময় আমি বলেছিলাম ভারতের দায়িত্ব নেওয়ার মতো ব্যাটসম্যান নেই। কিন্তু একজন আমার কথার জবাব দিয়ে খেলেছিল দলের জন্য—টেন্ডুলকার। কোহলিকে দেখে আমার একই কথা মনে হয়েছে।’
ডোনাল্ডের ভালো লেগেছে কোহলির ইতিবাচক ব্যাটিং, ‘সে বল ছেড়েছে যেমন দারুণভাবে, তেমনি বাজে বলকে প্রাপ্য শাস্তি দিতে ভুল করেনি। ইনিংসটি দারুণভাবে গড়ে তুলেছে সে। দলের প্রয়োজনের সময় দায়িত্ব নিয়ে নিখুঁত ব্যাটিং করেছে, আউট হওয়ার আগে সুযোগই দেয়নি।’ ওয়েবসাইট।