কোহলির চোখে আরও বড় স্বপ্ন
ভিভ রিচার্ডস মানে ব্যাটিং শৌর্যের প্রতীক। একসময় ওয়ানডে ব্যাটিংয়ের অবিসংবাদিত রাজা ছিলেন ভিভ। তাঁর পাশে নাম থাকাটাই বড় গর্বের ব্যাপার। দ্রুততম ৫ হাজার ওয়ানডে রানের রেকর্ডে ক্যারিবিয়ান গ্রেটকে ছুঁয়ে গর্বিত বিরাট কোহলিও। তবে থামতে চান না এখানেই, দৃষ্টি তাঁর আরও অনেক সামনে!
আগের মাইলফলকেও ভিভকে ছোঁয়ার খুব কাছাকাছি গিয়েছিলেন কোহলি। কিন্তু শেষ পর্যন্ত পারেননি অল্পের জন্য। ৮৮ ইনিংসে ৪ হাজার রান করেছিলেন ভিভ, কোহলির লেগেছিল ৯৩ ইনিংস। তবে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড ঠিকই ছুঁয়ে ফেললেন। পরশু কোচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৬ রানের ইনিংসটির পথে ১১৪ ইনিংসে ৫ হাজার ছুঁয়েছেন কোহলি।
১২০ ম্যাচে হয়ে গেছে ১৭ সেঞ্চুরি, ৫ হাজারের ওপর রান। যেভাবে এগোচ্ছেন, তাতে একসময় ওয়ানডে ব্যাটিংয়ের শীর্ষ সব রেকর্ডই নিজের করে নিতে পারেন! পরশুর ম্যাচের পর কোহলির কণ্ঠেও শোনা গেল তেমন প্রত্যয়, ‘বেঙ্গালুরুতে আগের ওয়ানডের সময়ই কেউ একজন আমাকে রেকর্ডটির কথা মনে করিয়ে দিয়েছিল। তবে সেটা আমার মাথায়ই ছিল না। কারণ, রেকর্ড নিয়ে আমি কখনোই ভাবি না। আমি নিজেকে সব সময় বলি, ভালো খেললে মাইলফলক ধরা দেবেই। ভিভের মতো একজনের রেকর্ড ছুঁয়ে ভালো লাগছে। তবে এটা এখনই থামছে না। কারণ, আমি জানি, এখনো পথচলার শুরুর দিকেই আছি। ভিভকে ছোঁয়াটা সত্যিই দারুণ, কিন্তু পথের এখনো অনেক বাকি।’
দ্রুততম ৬ হাজার ওয়ানডে রানের রেকর্ডটিও ভিভের, ১৪১ ইনিংসে। কোহলির এই গতি চলতে থাকলে ভিভকে পেছনে ফেলা খুবই সম্ভব! ওয়েবসাইট।