কোহলির তিন সেঞ্চুরিতে মিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই নিয়ে তিনবার হলো’—ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে হেসে বললেন বিরাট কোহলি। তিনবার মানে বড় রান তাড়া করতে নেমে তিনটি ম্যাচ জেতানো সেঞ্চুরি। হাসলেন, তবে প্রাণখুলে নয়। নিজের দুর্দান্ত ইনিংস ও ম্যাচ-সেরার পুরস্কার, ২৮৯ রান তাড়া করে দলের ৫ উইকেটের জয়, তার পরও এমন শুষ্ক কেন কোহলির হাসি? হয়তো নিকট অতীতের কথা ভেবে, হয়তো ভবিষ্যৎটা জানেন বলে!নিকট অতীত মানে গত দুটি সিরিজ। শ্রীলঙ্কার ডাম্বুলায় গত জুনের এশিয়া কাপ ও আগস্টের ত্রিদেশীয় টুর্নমেন্টটা ভালো যায়নি। বেশ কটি ম্যাচে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি। খারাপ সময়টা দেখেছেন বলেই সেঞ্চুরি করে দলকে জিতিয়েও কেবল স্বস্তির কথাটাই বলছেন, ‘বড় রান পেয়ে স্বস্তি লাগছে। গত দুটি সিরিজ রান পাইনি, খুব চাপে পড়ে গিয়েছিলাম। তবে ভুল থেকে শিখেছি, আন্তর্জাতিক ক্রিকেটে যেটা খুব জরুরি। আশা করি, বড় রানের দেখা এখন থেকে নিয়মিতই পাব, দলে জায়গা পাকা করতে পারব।’এই সূত্রেই আসছে কোহলির ভবিষ্যৎ প্রসঙ্গ। নিয়মিত রান করেও যে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপে নিয়মিত হওয়ার নিশ্চয়তা নেই! দুই বছরের ক্যারিয়ারে ৩৫টি ম্যাচ খেলেছেন কোহলি, এর বেশির ভাগই অন্যদের চোট বা বিশ্রামের সুযোগে পাওয়া। ড্রেসিংরুমে বসে থাকতে থাকতে হুট করে দু-একটা ম্যাচ খেলা সব সময়ই কঠিন। তবে ৩ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে ৪৪.৪৬ গড়ে ১২৩৫ রান বলে দিচ্ছে এই কঠিন কাজেও দারুণ সফল দিল্লির ২১ বছর বয়সী ব্যাটসম্যান।পরশু ৩৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়েছিল ভারত। কিন্তু কোহলির সেঞ্চুরি এবং যুবরাজ সিং (৫৮) ও সুরেশ রায়নার (৪৭ বলে অপরাজিত ৭১) সঙ্গে ১৩৭ ও ৮৪ রানের দুটি জুটিতে ভারত জিতে যায় সহজেই। কোহলির আগের দুটি সেঞ্চুরিও দলের দারুণ প্রয়োজনের মুহূর্তে। গত জানুয়ারিতে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ২৪৭ তাড়া করতে নেমে করেছিলেন ৯৫ বলে অপরাজিত ১০২। ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে কলকাতায় জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩১৭। ২৩ রানের মধ্যে টেন্ডুলকার ও শেবাগকে হারানোর পরও গম্ভীরের সঙ্গে কোহলির সেঞ্চুরি ভারতকে এনে দিয়েছিল সহজ জয়।টেন্ডুলকার-শেবাগ-গম্ভীররা ফিরলে এই কোহলিকে এর পরও বসে থাকতে হতে পারে বাইরে। বাস্তবতা জানেন বলেই ইতিবাচক চোখেই দেখছেন এটিকে, ‘ভারতীয় দলের জায়গার জন্য লড়াই সব সময়ই ছিল। এটা দলের জন্যই ভালো। এটা প্রমাণ করে আমাদের রিজার্ভ বেঞ্চের শক্তিও অনেক। এতে উন্নতি করার ক্ষুধাও বেড়ে যায়।’কোহলির সেঞ্চুরি আর ভারতের জয়ে অনেকটাই চাপা পড়ে গেছে ক্যামেরন হোয়াইটের বীরত্ব। যখন উইকেটে গিয়েছিলেন, অস্ট্রেলিযার রান ৩৬.৩ ওভারে ১৬০। পরে অস্ট্রেলিয়া যে ১২৯ রান করেছে, এর ৮৯ রানই হোয়াইট করেছেন মাত্র ৪৭ বলে। তাঁর ঝড়েই শেষ ৫ ওভারে অস্ট্রেলিয়া তুলেছে ৮৪। আরেক প্রান্ত থেকে ডেপুটির ঝড় দেখে অধিনায়ক মাইকেল ক্লার্ক বলছেন, ‘আমার দেখা অন্যতম সেরা ওয়ানডে ইনিংস।’ শেষ পর্যন্ত বিফলেই গেছে এই ইনিংস। ওয়েবসাইট।