কোহলির প্রশংসায় দুই অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬১ বলে অপরাজিত ৭৮ রান। আটটি চার, দুটি ছয়। স্ট্রাইক রেট ১২৭.৮৬। দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে এনে দিয়েছেন ৮ উইকেটের সহজ জয়। বিরাট কোহলি স্বাভাবিকভাবেই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একরাশ প্রশংসা পেয়েছেন। কোহলি উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক মোহাম্মদ হাফিজেরও।পাকিস্তানকে উড়িয়ে দেওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা বেঁচে রইল ভারতের। ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ধোনি বলেন, ‘কোহলি অসাধারণ ইনিংস খেলছে। ও এমন একজন, যে দেড় বছর ধরে ধারাবাহিক পারফর্ম করছে। কোনো ব্যাটসম্যান ধারাবাহিক ফর্মে থাকলে অন্যরাও তাঁকে কেন্দ্র করে ভালো খেলে।’এ ম্যাচে পাকিস্তানের হারের বড় কারণ, টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৮ রানে গুটিয়ে যাওয়া। ৫৯ রানে পতন ঘটেছিল পাঁচটি উইকেটের। বলতে গেলে হারার আগেই হেরে বসেছিল পাকিস্তান। তবে এটা ঠিক যে কোহলি উইকেটের সামনে পাহাড় হয়ে না দাঁড়ালে অল্প রান নিয়েও লড়াই চালিয়ে যেতে পারতেন পাকিস্তানি বোলাররা। পাকিস্তানি অধিনায়ক হাফিজ নিজেও বলেছেন কথাটা, ‘আমরা যে সংগ্রহটা গড়তে চেয়েছিলাম, সেটা পারিনি। কোনো সন্দেহ নেই, কোহলি অসাধারণ খেলেছে। ওকে আউট করতে পারলে ভারতের অন্য ব্যাটসম্যানদের চাপে রাখতে পারতাম। কিন্তু আমরা তা পারিনি। সেরা ফর্মে আছে কোহলি। এই মুহূর্তে ওর মতো ফর্মে অন্য কাউকে দেখছি না আমি।’শুধু ব্যাট হাতে নয়, এ ম্যাচে বল হাতেও সফলতা পেয়েছেন কোহলি। ৩ ওভার বল করে শিকার করেছেন একটি উইকেট। সেটা আবার মোহাম্মদ হাফিজের উইকেট! সূত্র: পিটিআই, ডন।