কোহলির ব্যাটে আশায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদের কিনারায় চলে গিয়েছিল ভারত। আর একবার পা ফসকালেই বিদায়ঘণ্টা বাজত ত্রিদেশীয় সিরিজ থেকে। চোট নিয়ে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে আসা মহেন্দ্র সিং ধোনির কি সেটা সহ্য হতো? কদিন আগেই তিনি এই দল নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছেন! ভারতের ইতিহাসের সফলতম অধিনায়ক আপাতত স্বস্তি পাচ্ছেন। বলা ভালো, তাঁকে হতাশায় ডুবতে দেননি বিরাট কোহলি। দল ঘুরে দাঁড়াল কোহলির যোগ্য নেতৃত্বেই। ভারপ্রাপ্ত অধিনায়কের দুর্দান্ত সেঞ্চুরিই পরশু রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতকে জিতিয়েছে ১০২ রানে। বোনাস পয়েন্টসহ জয় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার আশাও বাঁচিয়ে রাখল ভারতের।ধোনির অনুপস্থিতিতে আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে লজ্জাজনক হার। যাঁকে ধোনির উত্তরসূরি ভাবা হচ্ছে, সেই কোহলি আসলেই ভারতকে নেতৃত্ব দিতে প্রস্তুত কিনা সেই প্রশ্নও উঠেছিল। ৮৩ বলে ১০২ রানের ঝলমলে ইনিংস খেলে কোহলি জানিয়ে দিলেন তিনি প্রস্তুত। তবে অধিনায়ক হিসেবে দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি পাওয়ার চেয়ে এভাবে ঘুরে দাঁড়ানোতেই তৃপ্তি পেয়েছেন বেশি, ‘সেঞ্চুরি নয়, আমি বেশি আনন্দিত দল বোনাস পয়েন্ট নিয়ে জেতায়।’ কোহলির সেঞ্চুরির আগে ভারতের শুরুটাও হয়েছিল দারুণ। রোহিত শর্মা ও শিখর ধাওয়ান গড়েছিলেন ১২৩ রানের ওপেনিং জুটি। ৭৭ বলে ৬৯ রান করে ধাওয়ান ফিরে যাওয়ার পর মাঝের দিকে ভারতের উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। তবে তিন নম্বরে ব্যাট করতে নামা কোহলি এক প্রান্ত ঠিকই আগলে রাখেন। অধিনায়কের ১৪তম ওয়ানডে সেঞ্চুরির পাশাপাশি শেষ দিকে মুরালি বিজয় (১৮ বলে ২৭) ও রবিচন্দ্রন অশ্বিন (১৮ বলে ২৫) যোগ্য সঙ্গ দেওয়ায় ৫০ ওভারে ৭ উইকেটে আসে ৩১১ রান।গেইল-ব্রাভোরা ছন্দে থাকলে এই বড় লক্ষ্যও বড় কিছু নয়। কিন্তু দিনটা ওয়েস্ট ইন্ডিজের ছিল না। ২৫ রানের মধ্যে ক্রিস গেইল ও ড্যারেন ব্রাভো সাজঘরে! তার ওপর বৃষ্টির কারণে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৯ ওভারে ২৭৪ রান। এতেই কাজটা আরও কঠিন হয়ে যায় ক্যারিবীয়দের জন্য। সেই চ্যালেঞ্জ দূরের কথা, মারলন স্যামুয়েলস, কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোরা উল্টো যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। কুইন্স পার্ক ওভালের উইকেটে তিন পেসার ভুবনেশ্বর কুমার (৩/২৯), উমেশ যাদব (৩/৩২) ও ইশান্ত শর্মার (২/৩০) দাপটে অসহায় ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের মধ্যে একটু ব্যতিক্রম ছিলেন শুধু জনসন চার্লস। তবে তিনিও ৪৫ রানের বেশি করতে পারেননি। টানা দুই ম্যাচ জেতার পর এমন হার ওয়েস্ট ইন্ডিজের জন্য একটা ধাক্কা। তবে এ হারে দলের আত্মবিশ্বাস একটুও কমেনি বলে দাবি অলরাউন্ডার ড্যারেন স্যামির, ‘আমরা আজ হেরেছি, কিন্তু এতে ভয়ের কিছু নেই। এখনো পয়েন্ট তালিকার শীর্ষেই আছি। আমাদের বিশ্বাস, টুর্নামেন্টটা আমরা জিততে পারব। রোববার শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচেই ঘুরে দাঁড়াতে চাই আমরা।’সেই ঘুরে দাঁড়ানোর ম্যাচে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ পাবে না তাদের অধিনায়ক ডোয়াইন ব্রাভোকে। গত এক বছরে দুবার ওয়েস্ট ইন্ডিজের মন্থর ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক। ক্রিকইনফো। সংক্ষিপ্ত স্কোরভারত: ৫০ ওভারে ৩১১/৭ (রোহিত ৪৬, ধাওয়ান ৬৯, কোহলি ১০২, রায়না ১০, কার্তিক ৬, বিজয় ২৭, জাদেজা ২, অশ্বিন ২৫*; রোচ ১/৬৯, বেস্ট ২/৫১, ডোয়াইন ব্রাভো ১/৫৭, স্যামুয়েলস ১/৩৯, পোলার্ড ১/২১)।ওয়েস্ট ইন্ডিজ: ৩৪ ওভারে ১৭১ (গেইল ১০, চার্লস ৪৫, ড্যারেন ব্রাভো ১, স্যামুয়েলস ৬, পোলার্ড ০, ডোয়াইন ব্রাভো ১৪, রামদিন ৯, স্যামি ১২, রোচ ৩৪, নারাইন ২১, বেস্ট ০*; ভুবনেশ্বর কুমার ৩/২৯, যাদব ৩/৩২, ইশান্ত শর্মা ২/৩০, জাদেজা ২/৪৪)।ফল: ভারত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১০২ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।