কোহলির ব্যাটে বড় সংগ্রহ ভারতের

ধোনির অবর্তমানে অধিনায়কত্বের দায়িত্বটা যে ভালোমতোই সামলাতে পারবেন সেটা আজ বুঝিয়েই দিলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক অধিনায়কোচিত ইনিংস খেলে ভারতকে এনে দিলেন ৩১১ রানের বড় সংগ্রহ। ৮৩ বলে ১০২ রান করে ইনিংসের শেষ বলে আউট হয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ত্রিদেশীয় সিরিজে প্রথম দুইটি ম্যাচ হারের পর আজ বাঁচা-মরার লড়াইয়ে নেমেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটাও ভালোভাবেই করেছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেছিলেন ১২৩ রান। ২৪তম ওভারে এই জুটি ভেঙ্গে উইন্ডিজ শিবিরে স্বস্তি ফেরান কেমার রোচ। ধাওয়ান ফিরে যান ৬৯ রান করে। কয়েক ওভার পরে রোহিত শর্মাও (৪৬) ধরেন সাজঘরের পথ। ৩০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে ১৪৪ রান। এরপর শক্ত হাতে দলের হাল ধরেন কোহলি। খেলতে থাকেন ধীরস্থীরভাবে। মুরলি বিজয় ১৮ বলে ২৫ রানের ছোট্ট ইনিংসটি খেলে কিছু সময়ের জন্য বাড়িয়ে দিয়েছিলেন রানের গতি। ৪০তম ওভারে তিনি যখন ফিরে যান তখন দলের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২১০ রান। সপ্তম উইকেটে রবীচন্দ্রন অশ্বিনকে সঙ্গে নিয়ে ৯০ রানের ঝড়ো জুটি গড়েন কোহলি। মাত্র ৫০ বলেই তাঁরা যোগ করেন এই ৯০ রান। কোহলি নিজের ১৪তম ওয়ানডে সেঞ্চুরিটিও তুলে নিয়েছেন ইনিংসের শেষ ওভারে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুইটি উইকেট পেয়েছেন টিনো বেস্ট।