কোহলির ব্যাটে ভারতের বড় সংগ্রহ
বিরাট কোহলি ও রোহিত শর্মার দুর্দান্ত ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয়ের জন্য পাকিস্তানকে ১৮৬ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে ধোনি বাহিনী। ৪৭ বলে ৭৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন কোহলি। রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ৫৬ রান।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ঝড়ো ব্যাটিং দিয়ে শুরুটাও বেশ ভালোমতোই করেছিলেন দুই ওপেনার গৌতম গম্ভীর ও বিরেন্দর শেবাগ। প্রথম চার ওভারেই তাঁরা যোগ করেছিলেন ৪১ রান। কিন্তু পঞ্চম ও ষষ্ঠ ওভারে এই দুজনকেই সাজঘরে ফেরান পাকিস্তানি বোলাররা। ১০ রান করে উমর গুলের শিকারে পরিণত হন গম্ভীর। আর পরের ওভারে বিরেন্দর শেবাগকে সাজঘরে ফেরান সাইদ আজমল। তৃতীয় উইকেটে ১২৭ রানের দুর্দান্ত এক জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহ এনে দেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ১৯তম ওভারে সাইদ আজমল যখন এই জুটি ভাঙতে সক্ষম হন তখন ভারতীয় স্কোরবোর্ডে যোগ হয়ে গেছে ১৭২ রান। ৫৬ রান করে ফিরে যান রোহিত শর্মা। এরপর যুবরাজ সিং উইকেটে এসে ৫ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন।