কোহলির ভারতের অগ্নিপরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলি: নেতৃত্বের পরীক্ষা
কোহলি: নেতৃত্বের পরীক্ষা

অগ্নিপরীক্ষার মঞ্চে নিজেদের ফিরে পাওয়ার লড়াই। দুঃখ ভোলার মিশনও। এবারের এশিয়া কাপ ভারতের সামনে দেখা দিচ্ছে এভাবেই।
গত এশিয়া কাপে তিন ম্যাচের দুটিতে জিতেও ভারত ফাইনালে উঠতে পারেনি। বাংলাদেশের কাছে হেরে বিদায়। সেই দুঃখ ভুলতে এবার ট্রফি জয়ের প্রতিজ্ঞাই থাকা উচিত ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু সাম্প্রতিক সময়টা বড্ড খারাপ যাচ্ছে তাদের। বিদেশের মাটিতে টানা সিরিজ হার ভারতের মান-মর্যাদা নিয়েই দিয়েছে টান। মর্যাদা পুনরুদ্ধার করে আবার উঠে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জই এই এশিয়া কাপ।
পেছন থেকে ভারতকে তাড়া করছে সব দুঃস্মৃতি। নিউজিল্যান্ডের কাছে কদিন আগেই ওয়ানডেতে ৪-০ ব্যবধানে লজ্জাজনক আত্মসমর্পণের পর টেস্টে ১-০ হার। তার আগে দক্ষিণ আফ্রিকার কাছে হার টেস্ট ওয়ানডে দুই সিরিজেই। বিদেশের মাটিতে একের পর এক হার ভারতকে ঠেলে দিয়েছে খাদের কিনারে। এই কঠিন সময়ে এশিয়া কাপ পারে খানিক আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে।
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চোটের কারণে নেই। অধিনায়কের ব্যাটনটা এই টুর্নামেন্টে বিরাট কোহলির হাতে। কোহলিতে ভারত দেখে ভবিষ্যৎ অধিনায়কের ছায়া। এশিয়া কাপটা তাই ভারতের জন্য হয়ে যাচ্ছে ‘কোহলিকে দেখার’ টুর্নামেন্টও।
কোহলি এর আগে ধোনির অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় টুর্নামেন্ট এবং জিম্বাবুয়ে সফরে অধিনায়কত্ব করেছেন। আট ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে জয় এনে দিয়েছেন সাতটিতেই। সেই পথ ধরে ধোনির চেয়ারে যদি স্থায়ীভাবে বসে যান কোহলি?
কাল সংবাদ সম্মেলনে কোহলি এমন সব প্রশ্ন সামলালেন ভালোভাবেই, ‘আমি শুধু এই টুর্নামেন্টের জন্যই দায়িত্ব পেয়েছি। অধিনায়ক হিসেবে এটাই আমার বড় কোনো টুর্নামেন্ট, বড় পরীক্ষাও। আমি রোমাঞ্চিত এবং আমি শুধু খেলার প্রতি মনোযোগ রাখছি, অন্য কিছু নয়।’
ধারাবাহিকভাবে রান করে ‘মিস্টার নির্ভরযোগ্য’ হয়ে উঠেছেন। তাঁর ব্যাটে রান দেশে-বিদেশে সবখানেই। ধোনিবিহীন ভারতকে এশিয়া কাপে নেতৃত্ব দেওয়া চ্যালেঞ্জই মনে করছেন, ‘সে (ধোনি) আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। দলকে ভালো নেতৃত্ব দিয়ে আসছে। ওয়ানডে পারফরমার হিসেবে খুবই ধারাবাহিক। তাঁর অধিনায়কত্ব এবং পারফরম্যান্স দুটিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা আমরা এশিয়া কাপে মিস করব।’
ধোনিকে নিয়ে চারদিকে যে সমালোচনা, সেই প্রসঙ্গে কোহলির সতর্ক মন্তব্য, ‘দল খারাপ করলে সমালোচনা সহ্য করতেই হয়।’ সংবাদ সম্মেলনটা একপর্যায়ে হয়ে উঠেছিল ‘অধিনায়ক কোহলি’কেন্দ্রিক। তা থেকে আলো সরিয়ে ফেলা হলো গোটা টুর্নামেন্টের ওপর। গতবার বাংলাদেশের কাছে হারের দুঃস্মৃতি তুলে এনে কোহলি বললেন, ‘বাংলাদেশ সব সময়ই ওয়ানডেতে বিপজ্জনক দল। নিজেদের দিনে ওরা যেকোনো দলকে হারিয়ে দিতে পারে। ওরা নিজেদের কন্ডিশন-উইকেট জানে। কীভাবে বল করতে হয় সেটি জানে, বিশেষ করে স্পিন বোলিং।’
পাকিস্তানের বিপক্ষে ঢাকায় গত এশিয়া কাপে ১৮৩ করেছিলেন। এবারও সেই পাকিস্তানকে পাখির চোখ করছেন ভারত অধিনায়ক? এবার জবাব, ‘পাকিস্তান ম্যাচ আমাদের জন্য উন্মাদনার ম্যাচ, চাপের ম্যাচও। তবে এটা এক ম্যাচের টুর্নামেন্ট নয়। আমরা সব ম্যাচ জিতেই ট্রফি নিয়ে যেতে চাই।’
সেই যাত্রায় ‘আফগানিস্তানও চমকে দিতে পারে’ বলে সাবধান থাকছেন বিরাট কোহলি!