কোহলির মধ্যে টেন্ডুলকারের ছায়া!
ক্রিকেটে আরেকজন শচীন টেন্ডুলকারের দেখা মিলবে? কিংবা কেউ কি পারবে টেন্ডুলকারের ব্যাটিং-কীর্তিগুলোকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিতে? ভবিষ্যতের কাছেই আছে এই প্রশ্নের উত্তর। তবে আরেকজন টেন্ডুলকার না হলেও, বিরাট কোহলির মধ্যে জন্টি রোডস দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ মহাতারকার ছায়া।সর্বোচ্চ আন্তর্জাতিক রান ও সেঞ্চুরির রেকর্ড টেন্ডুলকার এমন উচ্চতায় নিয়ে গেছেন যে, কারও পক্ষে তা ছুঁয়ে বা ভেঙে ফেলা কঠিন! রোডসও ঠিক সেই ভবিষ্যদ্বাণী করছেন না। তবে বলছেন, টেন্ডুলকারেরই সতীর্থ কোহলি টেন্ডুলকারের সঙ্গে কোনো একটা জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন। রোডসের ইঙ্গিত স্পষ্টভাবেই ওয়ানডে সেঞ্চুরির দিকে। টেস্টের মতো একদিনের ক্রিকেটেও সর্বোচ্চ সেঞ্চুরি টেন্ডুলকারের, ৪৮টি!কোহলির ব্যাটই রোডসকে দিয়েছে এই বিশ্বাস। ৬৬টি ওয়ানডেতেই ৭টি সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি, সর্বশেষটি ইংল্যান্ডের বিপক্ষে গত সোমবার। হাফ সেঞ্চুরি ১৬টি, যাতে ৮৭, ৭৯, ৭১, ৬৩ রানের অপরাজিত ইনিংসও আছে। কোহলিতে মুগ্ধ রোডস বলছেন, ‘কোহলির বয়স মাত্র ২২। কিন্তু ইতিমধ্যেই ও ব্যাট হাতে নিজের সম্ভাবনাটা দেখিয়েছে। ও দেখিয়েছে যে, ও মহাতারকা হতে পারে। ওয়ানডে ক্রিকেটে ওর হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপান্তরের হার বিস্ময়কর। হাফ সেঞ্চুরি পেয়ে গেলে ও আরও বিপজ্জনক হয়ে উঠে, আউট করা কঠিন হয়ে যায়। পরিসংখ্যান এবং রানই ওর হয়ে কথা বলছে, শচীন টেন্ডুলকারের মতো দীর্ঘ সময় খেললে ও রেকর্ডের জন্য দৌড়াতে পারবে।’ব্যাটসম্যান নয়, জন্টি রোডস মানুষের মনে জায়গা পেয়েছেন তাঁর অসাধারণ ফিল্ডিংয়ের কারণে। দুজনের কাছে আসাও এই ফিল্ডিংয়ের সূত্রে। রোডস আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের ফিল্ডিং কোচ। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কোহলির বেঙ্গালুরুকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। ফাইনালে হারের হতাশার মধ্যেও হাসিমুখে রোডসের কাছে ফিল্ডিং টিপস চান কোহলি, ‘একজন ফিল্ডার হিসেবে আমি সবকিছু ঠিকঠাক করছি?’ রোডস কোহলিকে ভাসান প্রশংসায়, ‘বিরাট, আমি অবশ্যই বলব, ভারতের বিশ্বকাপ জয়ের পেছনে প্রাথমিক কারণ যুবরাজ, রায়না ও তোমার কিছু বিদ্যুচ্চমকের মতো ফিল্ডিং।’ রোডসের এই প্রশংসা আজ কি কোহলির রানক্ষুধা আরও বাড়িয়ে দেবে? তা হলে সবচেয়ে বেশি খুশি হবেন অধিনায়ক ধোনি। প্রথম দুই ওয়ানডে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০-তে এগিয়ে ভারত। আজ মোহালিতে জিতলেই সিরিজ তাদের। ওয়েবসাইট।