কোহলির শতকে ধাক্কা সামলেছে ভারত

টেন্ডুলকারোত্তর টেস্ট যুগে ভারতীয় দলের অন্যতম প্রধান ভরসা ভাবা হচ্ছিল বিরাট কোহলিকেই। প্রত্যাশার প্রতিদান তিনি দিতে পারবেন কি না, সে সংশয়ও ছিল। জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে যাবতীয় সংশয়-শঙ্কা ফুত্কারে উড়িয়ে তুলে নিলেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক! স্টেইন-মরকেল-ফিল্যান্ডারের তোপ সামলে দলের কঠিন পরিস্থিতিতে বুক চিতিয়ে দাঁড়িয়ে তবেই অসাধারণ সেঞ্চুরি করেছেন এ ডানহাতি। কোহলিতে সওয়ার করে ভারতও সামলে উঠেছে প্রাথমিক ধাক্কা। প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭৩ ওভারে ৪ উইকেটে ২১৩।
আজ ‘আনন্দবাজারে’ সৌরভ গাঙ্গুলী তাঁর কলামের শিরোনামে বলেছিলেন, ‘টসে জিতলে আগে ব্যাটিং নিতে দুবার ভেবো না ধোনি’। সৌরভের যুক্তি, ভারত আজ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে যে দুটো টেস্ট ম্যাচ জিতেছে সেগুলো ওয়ান্ডারার্স আর ডারবানে। ভারত দুটোই জিতেছিল আগে ব্যাটিং করে। ধোনির প্রতি সৌরভের পরামর্শ ছিল, টস-ভাগ্য ভারতের অনুকূলে গেলে ওপেনারদের প্যাড-আপ করতে বলো।
সৌরভের কলাম ধোনি পড়েছেন কি না, জানার উপায় নেই। তবে ইতিহাস তাঁর অজানা থাকার কথা নয়। ফলে টসে জিতে চোখ বুজে ব্যাটিংই নিলেন ভারতের অধিনায়ক। এটা অনুমিতই ছিল স্টেইনদের পেস-ঝড়ের সামনে পড়তে হবে ভারতের তরুণ উদ্বোধনী জুটিকে। হলোও তা-ই। দলীয় ১৭ রানের মাথায় স্টেইনের শিকার হলেন শিখর ধাওয়ান। ইমরান তাহিরের তালুবন্দী হওয়ার আগে তাঁর সংগ্রহ মোটে ৬। কিছুক্ষণ পর মুরালি বিজয়ও দলকে বিপদে ফেলে ধরলেন একই রাস্তা। তিনি মরকেলের শিকার। ২৪ রানের মধ্যে ‘নেই’ হয়ে গেল ভারতের উদ্বোধনী জুটি।
দলকে কক্ষপথে ফেরান পূজারা ও কোহলি। এ জুটি থেকে আসে ৮৯ রান। দলীয় ১১৩ ও ব্যক্তিগত ২৫ রানের মাথায় রানআউটে কাটা পড়েন পূজারা। এরপর রোহিত শর্মাও বড় কোনো সংগ্রহ ছাড়াই ফিল্যান্ডারের শিকার হয়ে ফেরেন সাজঘরে। সতীর্থদের এ যাওয়া-আসার ফাঁকেই পঞ্চম শতক হাঁকান কোহলি। প্রোটিয়াদের পক্ষে স্টেইন-মরকেল-ফিল্যান্ডার প্রত্যেকে পান একটি করে উইকেট।