কোহলির সেঞ্চুরি আফসোস গম্ভীরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে ১২৬ রানের জয়, কাল ৮ উইকেটের। মাস দুয়েক আগে পুরো সফরে ধবলধোলাই হওয়ার বদলা নেওয়ার তো আর উপায় নেই। ভারত যেন ইংলিশদের অন্তত ওয়ানডে সিরিজ হারের জ্বালাটা ফিরিয়ে দিতে চাইছে। কাল দ্বিতীয় ম্যাচেও একপেশে জয়ে ধোনির দল সেই পথে এগিয়ে গেল আরেক ধাপ (২-০)।প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত করেছিল ৩০০ রান। এমন বড়সড় রানের আশায়ই কাল ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড। কিন্তু এবার যে ভারতীয়দের প্রতিশোধের মিশন! ইংল্যান্ডে ভারতীয় পেসাররা খাবি খেয়েছে। কাল সেই পেসাররাই কুক-কিসওয়েটারদের বুক কাঁপিয়ে ইংল্যান্ডকে বেঁধে ফেলে ২৩৭ রানে। ভারতের ব্যাটিং-স্বর্গে এই রান তো দুধভাত! ভারত জয় তুলে নিয়েছে ৮০ বল আর ৮ উইকেট হাতে রেখেই।ব্রেসনান অবশ্য ২৯ রানের মধ্যেই ফিরিয়ে দিয়েছিলেন ভারতের দুই ওপেনারকে। পার্থিব প্যাটেল ও অজিঙ্কা রাহানে এবারও ব্যর্থ। কিন্তু তৃতীয় উইকেটে গম্ভীর ও বিরাট কোহলির অবিচ্ছিন্ন ২০৯ রানের জুটি ভারতকে দেয় অনায়াস জয়। দলকে জেতাতে কোহলি করেছেন তাঁর সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। ৮৪ রানে অপরাজিত গম্ভীর দশম সেঞ্চুরি পাননি জয় মুঠোয় এসে যাওয়ায়। অপরাজিত ১১২ রানের পথে কোহলি পেরিয়েছেন এই বছরে ১০০০ রানের মাইলফলকও।এর আগে শূন্য রানেই ইংল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়ে দেন প্রাভিন কুমার ও বিনয় কুমার। ওয়ানডে ক্রিকেটে দুই ওপেনারেরই শূন্য রানে আউট হওয়ার এটা ৩৪তম ঘটনা। প্রাভিন প্রথম ওভারেই অধিনায়ক অ্যালিস্টার কুককে ফেরান শূন্য রানে। পরের ওভারে বিনয় কিসওয়েটারের ভাগ্যেও লেখেন একই পরিণতি। সেখান থেকে ট্রট, পিটারসেন, বোপারা, বেয়ারস্টো, সামিত প্যাটেলদের সম্মিলিত প্রচেষ্টায় অলআউট হওয়ার আগে ইংল্যান্ড পায় ওই পুঁজি। পরে আরও ৩ উইকেট তুলে অষ্টম ম্যাচে প্রথম ৪ উইকেট শিকার করলেন বিনয়। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড: ৪৮.২ ওভারে ২৩৭ (পিটারসেন ৪৬, প্যাটেল ৪২, বোপারা ৩৬, বেয়ারস্টো ৩৫, ট্রট ৩৪, ব্রেসনান ১২, বিনয় ৪/৩০, যাদব ২/৫০, জাদেজা ১/৩৮, প্রাভিন ১/৪০, অশ্বিন ১/৫৬)। ভারত: ৩৬.৪ ওভারে ২৩৮/২ (কোহলি ১১২*, গম্ভীর ৮৪*, রাহানে ১৪, পার্থিব ১২, ব্রেসনান ২/৪১)। ফল: ভারত ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি