কোহলির সেঞ্চুরিতে দুর্দান্ত জয় ভারতের
আবার জ্বলে উঠেছিল বিরাট কোহলির ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর এবার পাকিস্তানের বিপক্ষেও শতরানের কোটা পূর্ণ করলেন তরুণ এই ডানহাতি ব্যাটসম্যান। শুধু শতরানই না, ১৪৮ বলে ১৮৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে ভারতকে ৬ উইকেটের কঠিন এক জয় এনে দিয়েছেন কোহলি। ৩৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ভারত। আর এই জয় দিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্বপ্নটা আরও ভালোভাবে জাগিয়ে তুলল বিশ্বকাপজয়ীরা।৩৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ওপেনার গৌতম গম্ভীরের উইকেট তুলে নিয়ে বল হাতেও পাকিস্তানকে শুভ সূচনা এনে দেন মোহাম্মদ হাফিজ। তবে এরপর দীর্ঘ সময় পাকিস্তানি বোলারদের হতাশায় পুড়িয়েছেন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে ১৩৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় বেশ ভালোভাবেই সামলে নেন এই দুই ব্যাটসম্যান। ২০তম ওভারে টেন্ডুলকারকে সাজঘরে ফিরিয়ে পাকিস্তান শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন সাইদ আজমল। তবে তারপর তৃতীয় উইকেটে রোহিত শর্মাকে নিয়ে আবার ১৭২ রানের জুটি গড়ে ভারতের জয়ের পাটাতন তৈরি করে দেন কোহলি। দলীয় ৩০৫ রানের মাথায় সাজঘরে ফেরেন রোহিত শর্মা। তাঁর ব্যাট থেকে এসেছিল ৬৮ রান।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদের জোড়া সেঞ্চুরির সুবাদে স্কোরবোর্ডে ৩২৯ রান জমা করে পাকিস্তান।