কোহলির ‘বিরাট’ কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনাট্যের ঘাত-প্রতিঘাত সব সময় এত জমাট হয় না। ভাগ্যচক্রের ওলট-পালটও এত নাটকীয়ভাবে হয় খুব কমই। হোবার্টে কাল তেমনই এক নাটকের মঞ্চায়ন হলো। ম্যাচের মাঝপথেই ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল শ্রীলঙ্কা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ৩২০ রানের পাহাড় ডিঙাতে হতো ৪০ ওভারে! জয়টাই যথেষ্ট ছিল না, দরকার ছিল একটা বোনাস পয়েন্টও।খাড়া উঠে যাওয়া সেই পাহাড়টাই ডিঙাল ভারত। এডমন্ড হিলারির ভূমিকা নিলেন ৮৬ বলে ১৬টি চার ও ২ ছক্কায় ১৩৩ রানের ইনিংস খেলা বিরাট কোহলি। নিজের নামের সার্থকতাই যেন এদিন নিরূপণ করলেন। তেনজিং শেরপার ভূমিকায় থাকলেন গৌতম গম্ভীর, সুরেশ রায়না; এমনকি ত্রিশের দুটো ইনিংস খেলা শেবাগ-টেন্ডুলকারও; যে দুজনকে কেন্দ্র করেই নাকি ভারতীয় দলে বিভেদের রেখা! উদ্বোধনী জুটিতেই যে এ দুজন ঝোড়ো শুরু (৩১ বলে ৬৪) এনে দিয়েছিলেন, সেই এক্সপ্রেস মেইলে চেপেই বাকিটা পথ পাড়ি দিয়েছে ভারত।এই জয়ে ফাইনালের আশা এখনো টিকে রইল ভারতের। ভারত-শ্রীলঙ্কা দুই দলেরই পয়েন্ট এখন ১৫। রানরেটে এগিয়ে আছে শ্রীলঙ্কা। ২ মার্চ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচের দিকে এখন তাকিয়ে থাকতে হবে ধোনির দলকে। যদিও সমীকরণ বলছে, কার্যত অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনালে চলেই গেছে লঙ্কানরা। কারণ, ওই ম্যাচে শ্রীলঙ্কাকে হারতে হবে বিশাল ব্যবধানে, যার জন্য দরকার পড়বে একটা বিপর্যয়ের।তবু যে এখনো ভারতের আশার প্রদীপ টিমটিম করে জ্বলছে, সেটাও তো অভাবিত। কুমার সাঙ্গাকারা ও তিলকরত্নে দিলশানের জোড়া সেঞ্চুরি, দ্বিতীয় উইকেটে দুজনের ঠিক ২০০ রানের জুটিতে শ্রীলঙ্কা ৩২০ তোলার পরই অনেক ভারতীয় সমর্থক হয়তো টিভি বন্ধ করে ফেলেছিলেন। খোদ ধোনি ম্যাচ শেষে স্বীকার করেছেন, এই জয় চমকে দিয়েছে তাঁকেও।তবে একজন হয়তো বিশ্বাস করেছিলেন, সম্ভব। বিরাট সাহসের অধিকারী কোহলির মধ্যে এদিন যেন ভর করেছিল অলৌকিক কিছু। তাঁর দিকে ধেয়ে আসা প্রতিটা বলকেই প্রাপ্য পাওনা মিটিয়ে দিয়েছেন। কবজির ব্যবহার কতভাবে করা যায়—সেটারই ধ্রুপদি প্রদর্শনী করে রান তুলেছেন মাঠের চার পাশ থেকেই। অধিনায়ক জয়াবর্ধনে বুঝেই উঠতে পারছিলেন না ফিল্ডিং সাজাবেন কীভাবে।তৃতীয় আর চতুর্থ উইকেটে দুটো শতরানের জুটিতে নেতৃত্ব দিয়েছেন কোহলি, এর মধ্যে রায়নার সঙ্গে তাঁর ১২০ রানের অবিচ্ছিন্ন জুটিটা হয়েছে মাত্র ৫৫ বলে। বেধড়ক ব্যাট চালিয়েছেন দুজনই। সবচেয়ে বড় মারটা খেয়েছেন মালিঙ্গা, তাঁর করা ৩৫তম ওভারে এসেছে ২৪ রান! শেষ পর্যন্ত ২০ বল বাকি থাকতেই বোনাস পয়েন্টসহ জয় পেয়ে যায় ভারত।ফাইনালে না গেলেও দু-দুটো বিদেশ সফরের ক্লান্তি আর লজ্জার স্মৃতির শেষটায় অন্তত স্বস্তির পরশ তারা পাবেই। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩২০/৪ (জয়াবর্ধনে ২২, দিলশান ১৬০*, সাঙ্গাকারা ১০৫, পেরেরা ৩, ম্যাথুস ১৪, চান্ডিমাল ২; জহির ১/৬১, প্রাভিন ১/৬৪, জাদেজা ১/৪৩)। ভারত: ৩৬.৪ ওভারে ৩২১/৩ (শেবাগ ৩০, টেন্ডুলকার ৩৯, গম্ভীর ৬৩, কোহলি ১৩৩*, রায়না ৪০*; মালিঙ্গা ১/৯৬, মাহারুফ ১/২১)। ফল: ভারত ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা: বিরাট কোহলি