কোহলি-ভক্তের জামিন বাতিল
পাকিস্তানি নাগরিক হয়ে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির ভক্ত হন কী করে? উমর দারাজকে তাই চড়া মূল্য দিতে হচ্ছে। পাকিস্তানের মাটিতে ভারতের পতাকা ওড়ানোর দায়ে করা দেশদ্রোহের মামলায় জেল খাটতে হচ্ছে। গতকাল দারাজের জন্য এল আরও একটি দুঃসংবাদ, তাঁর জামিন আবেদনও নাকচ করে দিয়েছেন আদালত।
গত ২৬ জানুয়ারি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কোহলির ব্যাটে চড়ে জয় পেয়েছিল ভারত। আনন্দের আতিশয্যে নিজের বাড়ির ছাদে ভারতের পতাকা উড়িয়েছিলেন কোহলির এই ‘পাগল ভক্ত’। সেদিন ছিল আবার ভারতের প্রজাতন্ত্র দিবস। দারাজের বিরুদ্ধে তাই ‘পাকিস্তানের আদর্শবিরোধী কাজে’র অভিযোগে মামলা করে পুলিশ। এর পর থেকেই জেলে আছেন ২২ বছর বয়সী দারাজ।
কাল নাকচ হয়ে গেল তাঁর জামিন আবেদন। দারাজের আইনজীবী গতকাল এএফপিকে বলেছেন, ‘ম্যাজিস্ট্রেট আনিক আনোয়ার খারিজ করে দিয়েছেন দারাজের জামিন আবেদন। আমরা সেশন জজের কোর্টে আপিল করব।’ এই আপিলেও হেরে গেলে হয়তো ১০ বছরের কারাদণ্ড হবে কোহলি-ভক্ত পাকিস্তানি যুবকের। এএফপি।