কোহলি-রণবীরের সঙ্গে আনুশকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথায় নেই বিরাট কোহলি? ভারতের ম্যাচের দিন মাঠে। ম্যাচ না থাকলেও স্যাটেলাইট চ্যানেল থেকে চ্যানেলে বিজ্ঞাপনের সুবাদে। খেলার চ্যানেলগুলোর কাছে ভারতের ক্রিকেটই চাহিদার শীর্ষে—সে হোক সরাসরি সম্প্রচার, ধারণকৃত বা হাইলাইটস। আর ভারতের ক্রিকেট হলে চাহিদার তুঙ্গে কোহলি। এই ব্যাটিং সেনসেশন আবারও একটি বিজ্ঞাপনে আসছেন, সঙ্গে থাকবেন বান্ধবী আনুশকা শর্মাও। খাদ্য ও পানীয় প্রস্তুতকারক কোম্পানি পেপসিকো ইন্ডিয়ার নতুন এক বিজ্ঞাপনে কোহলি-আনুশকার সঙ্গে থাকবেন রণবীর কাপুরও। কোহলি ও রণবীর আগেও পেপসির বিজ্ঞাপন করেছেন। নতুন বিজ্ঞাপনে যোগ হয়েছেন আনুশকা। তবে বলিউড অভিনেত্রীর উপস্থিতি থাকবে মাত্র কয়েক সেকেন্ডের জন্য। মাঠে ব্যাট করবেন কোহলি। বল শূন্যে উড়ে গিয়ে আছড়ে পড়বে গ্যালারিতে। যেখানে অনেক দর্শকের মধ্যে পেপসির বোতল হাতে থাকবেন রণবীর। বোতল হাতেই ঝাঁপিয়ে পড়ে এক হাতে ক্যাচ নেওয়ার চেষ্টা করবেন। এর আগে কোহলি-আনুশকা ক্লিয়ার শ্যাম্পুর বিজ্ঞাপন করেছেন। পিটিআই।