কোয়াবের দাবি প্রত্যাখ্যান বিসিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তার চোখে, ‘এটা ক্রিকেটারদের জন্য আরেকটা সুযোগ।’ কিন্তু ক্রিকেটার কল্যাণ সমিতির (কোয়াব) সভাপতি নাঈমুর রহমান বলছেন, ‘বোর্ডের সিদ্ধান্তে ক্রিকেটাররা মর্মাহত।’ আর্থিক সুবিধা না বাড়ালে এবং খেলা চার দিন না পেছালে জাতীয় লিগ বয়কটের যে হুমকি দিয়েছিল কোয়াব, কাল জরুরি সভার পর সে দাবি প্রত্যাখ্যানই করল বিসিবি। সভার পর এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ‘পূর্বঘোষিত ম্যাচ ফি এবং ফরম্যাট অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে জাতীয় লিগ। তাতে কেউ অংশ না নিলে ভবিষ্যতে ক্রিকেট বোর্ডের কোনো খেলাতেই আর বিবেচনায় আনা হবে না তাদের।’ক্রিকেটারদের লিগ বয়কটের হুমকিকে ‘অশনিসংকেত’ বলেছেন বোর্ড সভাপতি। বলেছেন, ‘এটা রাজনীতি ছাড়া কিছু হতে পারে না। তারা ক্রিকেটের জন্য কোনো দিন কিছু করেনি। যাদের ক্রিকেট বোর্ড স্বীকারই করে না, তারা কোনো বার্গেইনিং এজেন্ট হতে পারে না। এমন দাবি মানা যায় না। তারা বিদেশে বিভিন্ন সংস্থার কাছে চিঠি দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।’ খেলোয়াড়দের শৃঙ্খলাভঙ্গের ব্যাপারে ভবিষ্যতে আরও কঠোর হওয়ার কথাও জানিয়েছেন তিনি। জাতীয় দলের দুই ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান কোয়াবের সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বোর্ড সভাপতি।কঠোর অবশ্য এবারও কম হচ্ছে না বোর্ড। আশরাফুল, সাকিব দুজনকেই ডাকা হবে শুনানিতে। আচরণবিধিভঙ্গের মাত্রা অনুযায়ী ম্যাচ ফি কেটে নেওয়া বা নির্দিষ্টসংখ্যক ম্যাচের জন্য বহিষ্কারের শাস্তিও হতে পারে তাঁদের।ক্রিকেটারদের দাবি ছিল, পরিবর্তিত ফরম্যাটে না গিয়ে পুরোনো ফরম্যাটেই হতে হবে জাতীয় লিগ, ম্যাচ ফি বাড়াতে হবে এবং লিগ শুরু হতে হবে ৫ জানুয়ারি থেকে। এই তিন দাবির কোনোটাই না মেনে জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া এবার থেকেই বিসিবির তত্ত্বাবধানে জাতীয় লিগের খেলা পরিচালনার দায়িত্ব দিয়ে দেওয়া হবে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে। জাতীয় লিগ না খেলার হুমকি দেওয়া ক্রিকেটাররা শেষ পর্যন্ত খেলায় না ফিরলে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো অন্য খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে লিগে অংশ নেবে। জাতীয় লিগ শুরু হওয়ার কথা ছিল আজ। উদ্ভূত পরিস্থিতিতে সবকিছু আবার গুছিয়ে আনতেই খেলা পিছিয়ে দেওয়া হয়েছে ১২ দিন। বোর্ড সভাপতি জানিয়েছেন, আগামীবার থেকে জাতীয় লিগ হবে দুই স্তরে। বিভাগীয় দল ছাড়াও সুপার লিগের ছয় দলের সঙ্গে বিকেএসপি ও জাতীয় ক্রিকেট একাডেমি দলকে নিয়ে হবে আরেকটি জাতীয় লিগ।সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন কোয়াবের দাবি প্রত্যাখ্যানের যুক্তি তুলে ধরে বলেছেন, ‘আগের ফরম্যাটে খেলা হলে সব মিলিয়ে জাতীয় লিগ শেষ হতে ১৮ দিন বেশি লাগত। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডার বিবেচনায় সে সুযোগ নেই। দাবি জানানোর ক্ষেত্রে কোয়াব এসব বিষয় ভেবে দেখেনি বলেই মনে হয়।’ আর্থিক সুবিধার ব্যাপারে তিনি বলেছেন, ‘এবার লিগের সব খেলায় অংশ নেওয়া একজন ক্রিকেটার কমপক্ষে আয় করবেন ২ লাখ ১৯ হাজার টাকা। আর প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া দলের ক্রিকেটার সব ম্যাচ খেললে আয় করতে পারবেন অন্তত ১ লাখ ২০ হাজার টাকা। আমরা তাদের আয়ের সুযোগ কমাইনি, বরং বাড়িয়েছি।’ বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনাম বলেছেন, ‘দেশের সার্বিক আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি আমরা।’বিসিবির এমন সিদ্ধান্তে হতাশ কোয়াব। সংগঠনের সভাপতি নাঈমুর রহমান বলেছেন, ‘আমরা আশাবাদী ছিলাম আলোচনা হবে। কিন্তু তারা তো বসতেই চাইল না, ক্রিকেটাররা এতে মর্মাহত। বোর্ডের যদি আর্থিক সংকট থেকে থাকে সেটা আমাদের জানালেই হতো। সে ক্ষেত্রে ক্রিকেটাররা কম টাকা নিয়েই খেলত।’ বিসিবি সভাপতি কোয়াবের স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলায় বিস্মিত তিনি, ‘খেলোয়াড়দের সংগঠন খেলোয়াড়দের হয়ে কথা বলতে পারবে না, ওনার মতো জ্ঞানী লোকের কাছে এমন বক্তব্য আশা করিনি। বিসিবির গঠনতন্ত্রে কোয়াবের অবস্থান স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আজ (গতকাল) যে সুহাসকে (শফিউল ইসলাম) জাতীয় দলে ডাকা হলো, সে কাদের আবিষ্কার? কোয়াবের পিংকসিটি ট্যালেন্ট সার্চ থেকেই বেরিয়ে এসেছিল এই পেসার।’ নাঈমুর জানিয়েছেন, দু-এক দিনের মধ্যে সভা করে তাঁরা তাঁদের পরবর্তী কার্যক্রম ঠিক করবেন।