কোয়ার্টার ফাইনালের পথে রাশিয়া
ম্যাচ শুরুর আগেই দুই দলের সমর্থকেরা উত্তেজনার বারুদ ছড়িয়ে দিয়েছিলেন। মাঠেও সেই উত্তেজনার রেশ ছিল খেলোয়াড়দের মধ্যে। সেই উত্তেজনার লড়াইয়ে অবশ্য শেষ অবধি কেউ জেতেনি। রাশিয়া ও পোল্যান্ডের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। এই ড্রয়ে অবশ্য রাশিয়া কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৪-১ গোলে হারানো রাশিয়ার সামনে গাণিতিক সমীকরণ বেশ সোজা। গাণিতিকভাবে পোল্যান্ডের কোয়ার্টার ফাইনালের স্বপ্নও একেবারে মলিন নয়। সে ক্ষেত্রে শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ভালো ব্যবধানেই হারাতে হবে তাদের।প্রথম ম্যাচে বড় জয়ে উজ্জীবিত রাশিয়া কাল পোল্যান্ডের বিপক্ষেও শুরুটা করেছিল চমত্কার। ম্যাচের ৩৮ মিনিটেই তারা এগিয়ে যায়। অধিনায়ক আন্দ্রেই আশরাভিনের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে গোল করেন অ্যালান জাগোয়েভ।দ্বিতীয়ার্ধে অবশ্য পোল্যান্ড দুর্দান্ত গতিতেই ম্যাচে ফিরে আসে। খেলার ৫৭ মিনিটের সময় ইয়ানশেলাভ মালাফিভের থ্রু পাস থেকে বল ধরে বাঁ-পায়ের দুর্দান্ত শটে পোল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনেন পোলিশ অধিনায়ক জ্যাকব ব্লাসসেয়োস্কি।পুরো খেলায় রাশিয়ানদের আধিপত্য থাকলেও তা পোলিশদের পেছনে ফেলার জন্য যথেষ্ট ছিল না। বরং রুশদের খেলায় ছিল ক্লান্তির ছাপ। প্রথম ম্যাচে গ্রিসের সঙ্গে ড্রয়ের পর ভালো কিছুর প্রতিজ্ঞা নিয়েই যেন মাঠে নেমেছিল পোলিশরা। ম্যাচে বল রুশ খেলোয়াড়দের দখলে বেশির ভাগ সময় থাকলেও সেগুলো বারবার প্রতিহত হয়ে ফিরে আসছিল পোল্যান্ডের উজ্জীবিত রক্ষণ-ব্যূহ থেকে। রয়টার্স।