কোয়ার্টারে রোবেন-স্নাইডারের হল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মৌসুমটা তাঁদের দুজনের জন্য ছিল অন্য রকম এক চ্যালেঞ্জ। গত বছর এক রকম বিতাড়িতই হয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে। সেই ‘অচল’ আরিয়েন রোবেন আর ওয়েসলি স্নাইডারই কিন্তু গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ছিলেন নিজেদের নতুন ক্লাবের কান্ডারি।বায়ার্ন মিউনিখের রোবেন আর ইন্টার মিলানে ঠিকানা খুঁজে নেওয়া স্নাইডারের আক্ষেপ মেটেনি হয়তো, বিশ্বকাপেও আলো ছড়াচ্ছেন। দুজনের জোড়া গোলেই কাল স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল হল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে চমকে দিয়ে নকআউট পর্বে উঠে আসা স্লোভাকিয়ার সান্ত্বনা ইনজুরি সময়ে পেনাল্টি থেকে পাওয়া গোল। রবার্ট ভিতেক টুর্নামেন্টে তাঁর চতুর্থ গোলটি করে ছুঁয়ে ফেলেছেন তখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা গঞ্জালো হিগুয়েইনকে।১৮ মিনিটে করা রোবেনের প্রথম গোলটি স্নাইডারের উৎস থেকেই। নিজেদের বক্সের সামান্য বাইরে থেকে বল লম্বা করে মেরেছিলেন স্নাইডার। সেটি পেয়ে যান স্লোভাকদের বক্সের সামান্য বাইরে দাঁড়িয়ে থাকা রোবেন। দুই ডিফেন্ডারকে ধন্দে ফেলে দিয়ে দুর্দান্ত ফিনিশিং প্রথমবারের মতো প্রথম একাদশে খেলতে নামা বায়ার্ন তারকার।বেশ কিছু সুযোগ তৈরি করলেও ইয়ান মুচার দৃঢ়তায় ব্যবধান বাড়েনি। তিনটি দুর্দান্ত সেভ করেছেন এই স্লোভাক গোলরক্ষক। সেই মুচাই ভুলের মুচলেকা দিতে গিয়ে দ্বিতীয় গোলটি খেয়ে বসেন খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে। ডির্ক কিউটকে থামাতে গিয়ে গোলপোস্ট ছেড়ে সামনে এগিয়ে গিয়েছিলেন মুচা। অরক্ষিত গোলপোস্টের সামনে ছুটে আসা স্নাইডারকে বল ঠেলে দেন কিউট। ২-০।শেষ বাঁশি বাজার একদম আগ মুহূর্তে পেনাল্টি পেয়ে যায় স্লোভাকিয়া। বল ক্লিয়ার করতে গিয়ে ভিতেকের পায়ের কাছে ঝাঁপিয়ে পড়েন ডাচ গোলরক্ষক স্টেকেলেনবার্গ। পড়ে যান ভিতেক। পেনাল্টির বাঁশির প্রতিবাদ করতে গিয়ে প্রথমে হলুদ কার্ড এবং একটু পরে একটা গোলও হজম করতে হয় স্টেকেলেনবার্গকে। এই দোষে ডাচরা অবশ্য তাদের গোলরক্ষককে গালমন্দ করবে না মোটেও। বরং ম্যাচ শেষে হিসাব করতে গিয়ে দেখা যাচ্ছে, হল্যান্ডের জয়ের নায়ক তিনিও। ৬৬ মিনিটে মিরোস্লাভ স্তচের জোরালো শট ফিস্ট করে বাইরে পাঠিয়েছেন। গোলটা হয়ে গেলে বিপদেই পড়ত হল্যান্ড। বিশেষ করে, এই ম্যাচের আগে স্লোভাকিয়ার চার গোলের দুটোই কিন্তু এসেছে ৬০ মিনিটের পরই।ম্যাচের শেষ দিকে এভাবে ঘুরে আসা আর হলো না চেকোস্লোভাকিয়ার উত্তরসূরিদের। স্বাধীন দেশ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে দ্বিতীয় রাউন্ডে ওঠার গর্ব আর ইতালিকে হারানোর স্মৃতি বুকে এঁকেই ভবিষ্যতে আরও ভালো কিছু করার সম্ভাবনা জাগিয়ে বিদায় নিল দেশটি।অন্যদিকে ১৯৯৮ বিশ্বকাপের পর প্রথমবারের মতো শেষ আটে পৌঁছাল হল্যান্ড। ম্যাচ সেরার পুরস্কার স্নাইডার পেয়েছেন, কিন্তু রোবেনও ছিলেন বড় দাবিদার। সেটি না পাওয়ায় কোনো আক্ষেপও তাঁর নেই। বরং বিশ্বকাপের আগ মুহূর্তে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে যে স্বপ্নটা মরেই যেতে বসেছিল, সেটি বাঁচিয়ে তুলতে পেরে, আবারও মাঠে নিজের স্বরূপে ফিরতে পেরেই তিনি খুশি। পাশাপাশি কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতি কৃতজ্ঞতাও জানালেন তাঁর চোটের সময় পূর্ণ সমর্থন দিয়ে যাওয়ায়।স্লোভাকিয়ার কোচ ভ্লাদিমির ভেইস তো জানিয়েই দিলেন, ম্যাচটা আসলে তাঁরা হেরেছেন রোবেনের কাছে, ‘আমরা শুধু রোবেনের কথা মাথায় রেখে তিন দিন ধরে প্রস্তুতি নিয়েছি। কিন্তু ও যে মাপের প্রতিভাবান, তাকে আটকানো মুশকিল। ওকে প্রথম একাদশে দেখেই আমি ধরে নিয়েছিলাম, ডাচদের শক্তি দেড়গুণ বেড়ে গেল। এখন তো বুঝতেই পারছেন, আমার অনুমান কতটা সঠিক ছিল।’রোবেন প্রশংসার বৃষ্টিতে ভিজছেন নিজ দলের কোচের কাছ থেকেও। তবে তিনি নিজেই সবাইকে মনে করিয়ে দিচ্ছেন, ‘টোটাল ফুটবলে’র জন্মদাতা দেশটির কাজ এখানেই শেষ হয়ে যায়নি।