কৌতুক অভিনেতার বিরুদ্ধে মামলা করবেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁকে নিয়ে ‘মজা’ করার জন্য কৌতুক অভিনেতার বিরুদ্ধে মামলা করবেন ম্যারাডোনা।
তাঁকে নিয়ে ‘মজা’ করার জন্য কৌতুক অভিনেতার বিরুদ্ধে মামলা করবেন ম্যারাডোনা।

কৌতুক অভিনেতার কাজই কৌতুক করা। জেনে নয়ক্কিও তা-ই করেছেন। কিন্তু সবাইকে নিয়ে ঠাট্টা-মজা করা যায় না, এটি বোধ হয় ইতালিয়ান কমেডিয়ান ভুলেই গিয়েছিলেন! মৌচাকে ঢিল মারলে যা হয়, নয়ক্কির বেলাও তা-ই। ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে কৌতুক করতে গিয়ে বেশ বিপাকেই পড়েছেন ইতালির কৌতুক অভিনেতা। তাঁর বিরুদ্ধে রীতিমতো মামলার হুমকি দিয়েছেন আর্জেন্টিনা কিংবদন্তি!

কী করেছেন নয়ক্কি? ‘ডমেনিকা স্পোর্তিভাকে (সানডে স্পোর্ট)’ দেওয়া এক সাক্ষাত্কারে নয়ক্কি বলেছিলেন, ‘ম্যারাডোনা নাপলসের দূত? না, তিনি বড় জোর কলম্বিয়া অথবা মেদেলিন কার্টেলের দূত হতে পারেন।’ ‘মেদেলিন কার্টেল’ হচ্ছে কলম্বিয়ার মেদেলিন শহরের মাদক চোরাচালান কারবারিদের চক্র।       

এতেই চটেছেন ম্যারাডোনা। আর্জেন্টিনা কিংবদন্তি জানিয়েছেন, নয়ক্কির বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন। অবশ্য ইতালির কৌতুক অভিনেতা এ জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু ম্যারাডোনা নিজের সিদ্ধান্তে অটল। বললেন, ‘যখন মাদক প্রসঙ্গে আসবেন, তখন আপনি মজা করতে পারেন না।’

ম্যারাডোনার আইনজীবী অ্যাঞ্জেলো পিয়াসানি বলেছেন, ‘খেলোয়াড়ের জন্য মাদক নেওয়া অনেক বড় সমস্যা। তবে তিনি এখন এসব থেকে মুক্ত।’