কৌশল, না বাস্তবতা মেনে নেওয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনে এল তারা মিনিট বিশেক দেরিতে। গা গরমেও কেমন যেন ঢিলেঢালা ভাব। সফরে এসে সব দলই পরিবেশের সঙ্গে যতটা দ্রুত সম্ভব মানিয়ে নিতে চায়। জিম্বাবুইয়ানদের সেটা নিয়ে খুব একটা ভাবনা আছে বলে মনে হলো না। কাল যে নেট সেশনটা হলো জিম্বাবুয়ের, সেটাকে আর যা-ই হোক, সিরিয়াস অনুশীলন বলা যায় না মোটেও। নেটের পাশে গোল হয়ে বসে রীতিমতো আড্ডা জমিয়েছেন কয়েকজন। জিম্বাবুয়ের অনুশীলনে কেমন যেন একটা পিকনিক-পিকনিক আমেজ!একটা কারণ হতে পারে, বিসিবি একাদশের বিপক্ষে পরদিনের (আজ) প্রস্তুতি ম্যাচ। ম্যাচের আগের দিন হয়তো খুব বেশি পরিশ্রম করতে চাননি। তবে অনুশীলনের এই শরীরী ভাষা সত্যিকারের ভাষা পেল জিম্বাবুয়ের কোচ-অধিনায়কের কণ্ঠেও। ঢাকায় পা রেখে হ্যামিল্টন মাসাকাদজা বলেছিলেন, জিম্বাবুয়েকে নিউজিল্যান্ডের মতো সহজে হারাবে ভাবলে ভুল করবে বাংলাদেশ। কিন্তু সহ-অধিনায়কের কণ্ঠের সেই দৃঢ়তা খুঁজে পাওয়া গেল না অ্যালান বুচার ও এলটন চিগুম্বুরার কণ্ঠে। দুজনের কাছেই এই সিরিজে দলের মূল লক্ষ্য ‘ভালো খেলা!’ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দুই বাঁহাতি ওপেনার যখন প্রবল প্রতিরোধ গড়ে তুলেছেন, হাজার মাইল দূরে তাঁদের দেশের সাবেক বাঁহাতি ওপেনারের কণ্ঠে তখন কেমন যেন আত্মসমর্পণের সুর। কফির কাপ হাতে সংবাদ সম্মেলনে এসে জিম্বাবুয়ের ইংলিশ কোচ বুচার বললেন, ‘আমরা এখানে এসেছি ভালো ক্রিকেট খেলতে। আশা করি, কন্ডিশন-উইকেটের সঙ্গে আমরা দ্রুত মানিয়ে নিতে পারব। দক্ষিণ আফ্রিকায় আমরা মোটামুটি ভালো করেছি, কিন্তু কোনো ম্যাচ জিততে পারিনি। ওই সিরিজের পারফরম্যান্স আমরা খুব ভালোভাবে পর্যালোচনা করেছি। এখানে কিছু ম্যাচ জিততে চাই।’কিছু ম্যাচ? পাঁচ ম্যাচ সিরিজে ‘কিছু ম্যাচ’ জিতলে তো সিরিজটাই জেতা হয়ে যায়! বুচার জানালেন, সিরিজ জয়টা ভাবনায় নেই তাঁদের, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি না যে সিরিজ জিতব। আমরা একটা একটা ম্যাচ ধরে এগোব, প্রতিটি ম্যাচ জয়ের চেষ্টা করব। এক ম্যাচে না পারলে পরের ম্যাচে আবার চেষ্টা করব।’ একই সুর অধিনায়ক চিগুম্বুরার কণ্ঠেও, ‘গতবার যা করেছিলাম, তার চেয়ে এবার ভালো করতে চাই। ইতিবাচক খেলতে চাই, দলের মানসিকতাও ইতিবাচক। খেলতে চাই ভালো ক্রিকেট।’তবে কি এ মুহূর্তে বাংলাদেশে সিরিজ জয় সম্ভব না বুঝতে পেরেই নিরাপদ লক্ষ্য ঠিক করেছে জিম্বাবুয়ে? হতেই পারে। গত চার-পাঁচ বছরে এই যে জিম্বাবুয়ের নিয়মিত বাংলাদেশে আসা-যাওয়া, কন্ডিশন-স্পিন আক্রমণ সবকিছুই পরিচিত হয়ে যাওয়া, তার পরও তো খুব বেশি সুবিধা করতে পারছে না তারা। সর্বশেষ সিরিজেই হেরেছে ৪-১-এ। গত বছরের অক্টোবর-নভেম্বরের ওই সিরিজের পর বাংলাদেশ দল যে অনেকটাই এগিয়ে গেছে, এটা তো দিবালোকের মতোই পরিষ্কার। জিম্বাবুয়ে কি তাই পরাজয়ের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখছে?তবে ব্যাপারটা এতটা জলবৎ তরলং নাও হতে পারে। হতে পারে এটা জিম্বাবুয়ের কৌশল। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর জিম্বাবুয়ে সিরিজে একটা পরাজয়কেও বাংলাদেশের জন্য মনে হবে ব্যর্থতা। অতীতের আর যেকোনো সিরিজের চেয়ে এবার তাই বেশি চাপে থাকবে বাংলাদেশ। বাংলাদেশকে জোরেশোরে ফেবারিট বলে হয়তো নিজেদের ওপর থেকে চাপটা সরিয়ে নিতে চায় জিম্বাবুয়ে। সিরিজটা খেলতে চায় ফুরফুরে মেজাজে, স্রেফ উপভোগ করতে চায়। আর কে না জানে, খেলাটা উপভোগ করতে শুরু করলে সেই দলের চেয়ে ভয়ংকর দল আর হয় না! কাজেই বুচার-চিগুম্বুরার কথা নয়, সাকিব-মাশরাফিদের মনে রাখা উচিত মাসাকাদজার সতর্কবাণীই—‘সাবধান, বাংলাদেশ।’