কৌশল-দুর্বলতায় হেরেছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৪ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতার আশা নিয়েই বিশ্বকাপে এসেছিল ইংল্যান্ড। ক্লাবগুলোর হয়ে রুনি-ল্যাম্পার্ড-জেরার্ড-টেরিরা যে রকম দুর্দান্ত খেলছিলেন, তাতে ইংল্যান্ডের এই স্বপ্ন মোটেও অসম্ভব ছিল না। কিন্তু ধুঁকে ধুঁকে প্রথম রাউন্ডের বাধা পার হলেও দ্বিতীয় পর্বে জার্মানির কাছে ৪-১ গোলে হেরে লজ্জাজনক বিদায় নিয়েছে দলটি। এই হারের জন্য কোচ ফ্যাবিও ক্যাপেলো দুষছেন রেফারির ভুল সিদ্ধান্তকে। তবে কোচ ক্যাপেলোর সঙ্গে একমত নন খোদ ইংল্যান্ডের খেলোয়াড়েরাই। কৌশল-দুর্বলতার কারণেই ইংল্যান্ড হেরেছে বলে মনে করছেন তাঁরা।২-১ গোলে পিছিয়ে পড়ার পর ৩৮ মিনিটে ফ্রাংক ল্যাম্পার্ডের শট বারে লেগে গোললাইন অতিক্রম করলেও সেটাকে গোলের স্বীকৃতি দেননি রেফারি। ক্যাপেলোর অভিযোগ, ওই গোলটা পেলে খেলা পুরোপুরিই পাল্টে যেত। জার্মানিকেও তখন অন্য রকমভাবে খেলতে হতো।’ হ্যা, তা হয়তো হতে পারত। তবে রেফারির ভুল সিদ্ধান্তের বদলে বরং নিজেদের কৌশলগত ত্রুটিকেই দায়ী করেছেন মিডফিল্ডার জো কোল। রয়টার্সকে তিনি বলছেন, ‘আমার মনে হয়, ক্লাবে অনেকে ভালো খেললেও আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডের খেলোয়াড়েরা কৌশলগত দিক দিয়ে অন্য অনেক দেশের খেলোয়াড়দের চেয়ে পিছিয়ে আছে।’কোলের সঙ্গে সুর মিলিয়ে ইংল্যান্ডের সাবেক উইঙ্গার ট্রেভর স্টিফেন বলছেন, ‘আমরা আমাদের খেলোয়াড়দের নিয়ে বেশি উচ্চধারণা পোষণ করি। কিন্তু কৌশলগত দিক দিয়ে ইংল্যান্ড ততটা ভালো দল নয়। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে যে ধরনের ফুটবল খেলা হয়, আন্তর্জাতিক পর্যায়ে তা একদমই ভিন্ন।’