কৌশলের খেলায় জিতেছেন সাকিব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিবছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওভারপ্রতি চার-সাড়ে চার করে রান আসছিল তখন। মনে হচ্ছিল, ওই গতিতেই ৪০ ওভার পর্যন্ত হয়তো খেলা চালিয়ে যাবেন সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় বলেই চার মারার পর ২৬ বলে যে কোনো বাউন্ডারিই পাননি। তবে দ্বিতীয় ওই বাউন্ডারির পর আর থামেননি। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার পরিকল্পনাই যেন ওলট–পালট করে দেন সাকিব। আগ্রাসী ব্যাটিং করে ৬৪ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশকে ৩১৪ রানের ভিত গড়ে দেন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানের জয়ে শেষ পর্যন্ত ম্যাচসেরা হন সাকিবই।

সেঞ্চুরিয়নের এই জয় দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম। আর প্রথমের আনন্দটা এসেছে সাকিবের ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ব্যাটিংয়েই। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে মাঝের ওভারে নিজের সেই ব্যাটিংয়ের কথা প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘আমি ভাবছিলাম ওই সময়ই দ্রুত রান করা উচিত। তা না হলে আমরা ২৬০-২৭০ রানের বেশি করতে পারতাম না। আমরা যে ছন্দটা পাই ৩০ ওভারের সময়, সেটিই ম্যাচের চেহারা পাল্টে দিয়েছে।’

কাগিসো রাবাদাকে আক্রমণ করতে চেয়েছিলেন সাকিব
ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের প্রধান হাতিয়ার ছিলেন ফাস্ট বোলার কাগিসো রাবাদা। অধিনায়ক টেম্বা বাভুমা শেষ ১০ ওভারে বোলিং করানোর জন্য বাঁচিয়ে রেখেছিলেন তাঁকে। সাকিবের পাল্টা আক্রমণ সেই পরিকল্পনাও ভেস্তে দিয়েছে, ‘আমরা জানতাম যে ডেথ ওভারে রাবাদা তিন থেকে চার ওভার বোলিং করবে। আমরা চেষ্টা করেছিলাম যেন তাঁরা রাবাদাকে আগে বোলিং করাতে বাধ্য হয়। সে জন্যই আমাদের ঝুঁকি নিতে হয়েছে। এটাই আমরা করতে সক্ষম হয়েছি।’

সাকিব অবশ্য তাঁর ক্ষুরধার ক্রিকেটীয় মস্তিষ্ক কাজে লাগাতে পেরেছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও লিটন দাসের সহায়তায়। দুজনই ম্যাচের সবচেয়ে কঠিন সময়ে ব্যাটিং করে গড়েছেন ৯৫ রানের উদ্বোধনী জুটি। নতুন বলের চ্যালেঞ্জটা দুজনই সামলেছেন দারুণ দক্ষতায়। সাকিব নিজেই জানিয়েছেন সেটি, ‘আমাদের শুরুটাও ভালো হয়েছে। লিটন-তামিম ভালো শুরু এনে দিয়েছে। আমাদের জন্য ছন্দটা ধরে রাখা উচিত ছিল। কারণ নতুন বলের উজ্জ্বলতা চলে যাওয়ার পর রান করা সহজ মনে হচ্ছিল। সেই সুবিধাটাই নিতে চেষ্টা করেছি। ভাগ্য ভালো আজ সেটা কাজে লেগেছে।’

বোলিংয়ে অবশ্য উইকেটশূন্য ছিলেন সাকিব
ছবি: এএফপি

মূলত ৮২ বলে ইয়াসির–সাকিবের ১১৫ রানের জুটিতেই বড় স্কোরের ভিতটা শক্ত হয় বাংলাদেশের। ৪৪ বলে ৫০ রান করা তরুণ ব্যাটসম্যান ইয়াসিরের প্রশংসাও করলেন সাকিব। প্রোটিয়া বোলারদের ওপর ইয়াসিরের পাল্টা আক্রমণ যে সাকিবের কাজটা সহজ করেছে, সেটি বোঝা গেল তাঁর কথায়, ‘ইয়াসির খুব ভালো ব্যাটিং করেছে। ওর সঙ্গে আমার জুটিটা ভালো ছিল। ইয়াসিরকে কৃতিত্ব দিতেই হয়। কারণ সে তার ক্যারিয়ারের তৃতীয় বা চতুর্থ ম্যাচ খেলছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে। এটা তার জন্য সহজ ছিল না।’