ক্যাচ ওঠে ক্যাচ পড়ে

দ্বিতীয় দিন শেষে
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩২
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৭৫/৫
সোহাগ গাজীর বলটা সুরাঙ্গা লাকমলের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে চলে গেল প্রথম স্লিপের দিকে। ঝাঁপিয়ে পড়ে অসাধারণ এক ক্যাচ নিলেন নাসির হোসেন। দ্বিতীয় দিনের শেষ ছবি হয়ে থাকল এটাই।
পরিহাসও বলতে পারেন। দারুণ এক ক্যাচে শেষ হলো যে দিনটি, সেটির দিকে ফিরে তাকালে পুরো বিপরীত ছবিই ভেসে উঠছে চোখে। একের পর এক ক্যাচ উঠছে আর তা ভূমিশয্যা নিচ্ছে! কৌশল সিলভার ক্যাচই পড়েছে তিনবার, শ্রীলঙ্কান এই ওপেনার আরও একবার বেঁচে গেছেন আল আমিনের অভিনব এক ‘নো’ বলে। ৪০ রানে কট বিহাইন্ড হয়ে ফিরে যাচ্ছিলেন, কিন্তু সামনের পায়ের নো বল দেখতে গিয়ে টিভি রিপ্লেতে দেখা গেল, আল আমিনের পায়ে লেগে পড়ে গেছে নন স্ট্রাইকিং প্রান্তেরই বেল। ক্রিকেটের নতুন নিয়মে যা মনো’ বল। সিলভার তিনটিসহ কাল সারা দিনে বাংলাদেশের ফিল্ডাররা ক্যাচ ফেলেছেন চারটি, যার তিনটিই ছুটেছে উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভস থেকে। অন্যটি ছেড়েছেন শামসুর রহমান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সিলভা-করুণারত্নের ওপেনিং জুটি ভেঙে দেওয়ার সুযোগ এসেছিল দিনের চতুর্থ ওভারেই। কিন্তু সিলভার ব্যক্তিগত ৩৯ রানের সময় আল আমিনের বলে উইকেটের পেছনে প্রথম ক্যাচটা ফেলেন মুশফিক।
এর পরপরই সিলভা বেঁচে গেলেন ওই মনো’ বলে। ভাগ্যদেবীকে যেন সঙ্গী করেই নেমেছিলেন উইকেটে। ৪২ রানের সময় আবারও তাই আরেকটি নতুন জীবন। বোলার এবারও আল-আমিন, ফিল্ডার শামসুর। প্রথম স্লিপে সহজ ক্যাচটি ফেলে দিলেন। ফিফটির আগেই তিনবার জীবন ফিরে পাওয়ার সুযোগ ছাড়বেন কেন সিলভা? ক্যারিয়ারের সপ্তম টেস্টে এসে করে ফেললেন নিজের প্রথম সেঞ্চুরি।
বাংলাদেশের ফিল্ডারদের বদান্যতা সিলভা পেয়েছেন সেঞ্চুরির পরও। ১২৯ রানের সময় সাকিব আল হাসানের বলে তাঁর ক্যাচ মিস করেছেন মুশফিক। এলবিডব্লু করে সিলভার উইকেটটা অবশ্য শেষ পর্যন্ত সাকিবই পেয়েছেন। তার আগে করুণারত্নের সঙ্গে ১১৮ রানের ওপেনিং জুটি, দ্বিতীয় উইকেট জুটিতে কুমার সাঙ্গাকারার সঙ্গে ১৫৫। শ্রীলঙ্কার ইনিংসের গতিপথ নির্ধারণ করে দিয়েছে বারবার জীবন ফিরে পাওয়া সিলভার ব্যাটই।
সিলভা সেঞ্চুরি করে থেমেছেন। মাহেলা জয়াবর্ধনে কোথায় গিয়ে থামেন কে জানে! শ্রীলঙ্কার জীবন ফিরে পাওয়া ব্যাটসম্যানদের মধ্যে যে আছেন দিনের শেষে ৪২ রানে অপরাজিত জয়াবর্ধনেও! এটা মুশফিকুরের সৌজন্যে। ৯ রানের সময় সাকিবের বলে ক্যাচ তো ছেড়েছেনই, স্টাম্পিংয়ের সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি।
ক্যাচ মিসের হতাশার মধ্যে যা একটু ব্যতিক্রম নাসির। দিনের শেষ দৃশ্যটা দৃষ্টিসুখকর করে দেওয়ার আগে কুমার সাঙ্গাকারার ক্যাচটাও নিয়েছেন তিনিই। তবে সেটাও প্রায় ফেলতে ফেলতে ধরেছেন। প্রথম চেষ্টায় হাত ফসকে বেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় চেষ্টায়ও পারেননি মুঠোবন্দী করতে। তৃতীয় চেষ্টায় এক হাতে নিয়েছেন ক্যাচটা। আল আমিন তাতে এক গাল হাসি নিয়ে ছুটে গেছেন নাসিরের দিকে। ফিল্ডারদের ক্যাচ মিসের প্রদর্শনীর দিন তিনি ধরেই নিয়েছিলেন, তাঁর কপালে বোধহয় আর উইকেট নেই। দিন শেষের সংবাদ সম্মেলনেও সেই হাসিটা মুখে ধরে বলছিলেন, ‘আমি তো ভেবেছিলাম মিসই হয়ে গেছে। তারপর মনে হলো ভাগ্য বোধহয় এবার সহায় হলো।’
ভাগ্যদেবী এখন বাংলাদেশের সহায় হলেই হয়। নাসিরের শেষ ক্যাচটা সে রকম আভাস দিচ্ছেও। চা-বিরতি পর্যন্ত যেখানে শ্রীলঙ্কার রান ছিল মাত্র ১ উইকেট হারিয়ে ২৩৭, সেখানে দিনের শেষ সেশনেই পড়েছে চার-চারটি উইকেট। তার মধ্যে সাঙ্গাকারার উইকেটটাও যে আছে, সেটা বড় এক আশার কথা। আশার গান শোনাচ্ছেন বাংলাদেশের সাকিবও। মুশফিকের পিচ্ছিল গ্লাভসের কারণে দুবার উইকেট-বঞ্চিত হয়েও শ্রীলঙ্কার ৫ উইকেটের তিনটিই তাঁর। ক্যারিয়ারে আরও একবার ৫ উইকেট পাওয়ার স্বপ্ন তিনি নিশ্চয়ই দেখেছেন কাল রাতে। আজ সেই স্বপ্ন যত তাড়াতাড়ি পূরণ হবে, ততই মঙ্গল বাংলাদেশের।