ক্যাচ ফেলার এক দিন
সকালের ঝিরিঝিরি বৃষ্টির পর দুপুরেই কড়া রোদ। আবহাওয়ার পূর্বাভাস এমনই থাকায় কাল বেলা পৌনে তিনটায় খেলা শুরু হওয়াতে বিস্ময়ের কিছু থাকল না। তবে বিস্ময় উপহার দিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে যে নেই মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল!
টি-টোয়েন্টি সিরিজের আগে থেকেই ঘাড়ে সমস্যা তামিম ইকবালের। ফিজিওর আপত্তি সত্ত্বেও চট্টগ্রামে খেলেছেন দুটি ম্যাচই। কিন্তু কাল আর পারলেন না। নেক বেল্ট পরে বসে থাকলেন ড্রেসিংরুমে। টেলিফোনে টিম ম্যানেজার আবদুল আউয়াল চৌধুরী জানালেন, ঘাড়ের সমস্যাটা আরও বেশি করে মাথাচাড়া দেওয়াতেই দলে নেই তামিম ইকবাল। আর মাশরাফির সমস্যা সেই বাঁ হাঁটুতে। পরশু রাত থেকেই নাকি একটু ব্যথা ছিল। কাল খেলা শুরুর আগে ওয়ার্মআপের সময় জায়গাটা ফুলেও যায়। ‘মাশরাফির বাঁ পায়ের হাঁটুর দিকটা ফুলে গেছে। সে জন্য ফিজিও বিভব সিং তাঁকে বিশ্রামে রেখেছেন’—বলেছেন টিম ম্যানেজার।
আউয়াল চৌধুরীর ব্যাখ্যায় তামিম-মাশরাফির অনুপস্থিতির বিস্ময় তবু কাটল। কিন্তু এরপর ফিল্ডাররাও যে একের পর এক ‘বিস্ময়’ উপহার দিয়ে গেলেন! চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে এনামুল-নাসিরদের নেওয়া দুর্ধর্ষ সব ক্যাচ দেখে মনে হয়েছিল, আর কিছু না হোক, বাংলাদেশ এখন দারুণ এক ফিল্ডিং দল। ওয়ানডে সিরিজে পা দিয়েই যেন ভুল প্রমাণ হলো সেই ধারণা। একের পর এক ক্যাচ মিস—টি-টোয়েন্টির ঠিক উল্টো ফিল্ডিংই হলো কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রথম ওয়ানডেতে।
৬৭ রানে ৮ উইকেট হারানো শ্রীলঙ্কা যে শেষ পর্যন্ত ১৮০ রান করে ফেলল, সেটার একমাত্র কারণ বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাত। যাঁর অপরাজিত ৮০ রানের সৌজন্যে অল্প রানে অলআউটের লজ্জা এড়িয়েছে শ্রীলঙ্কা, সেই থিসারা পেরেরাই জীবন পেলেন তিনবার! আউট হওয়ার সম্ভাবনা জাগিয়ে একাধিকবার বেঁচে গেছেন নবম উইকেটে পেরেরার সঙ্গে ৮২ রানের জুটি গড়া সাচিত্রা সেনানায়েকেও (৩০)।
ব্যক্তিগত ৭ রানে (শ্রীলঙ্কার রান ৭৩/৮) আরাফাত সানির বলে লং অনে পেরেরার সহজ ক্যাচ ছাড়লেন সোহাগ গাজী। ক্যাচ তো হলোই না, সোহাগের হাত ছুঁয়ে ওটা হয়ে গেল ছক্কা। ৩০ রানের মাথায় একই জায়গায় ক্যাচ তুলে পেরেরা আবারও বেঁচে যান নাসির হোসেনের পিচ্ছিল হাতের কৃপায় এবং এবারও আউট না হয়ে ছক্কা! পেরেরা তাঁর শেষ ‘লাইফ’টা পেয়েছেন নিজের ৭৬ রানে। আল আমিনের বলে এবার ক্যাচ উঠল লং অফে। অনেকটা দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে সাকিব প্রায় ধরেই ফেলেছিলেন ক্যাচটা। কিন্তু দুবারের চেষ্টায়ও বল তাঁর হাত ফসকে বেরিয়ে গেল।
সোহাগ গাজী ক্যাচ যেমন ছেড়েছেন, নিজের বলে অন্যের ক্যাচ ফেলায় বঞ্চিত হয়েছেন একটা উইকেট থেকেও। ব্যক্তিগত ৫ রানের সময় স্লিপে সেনানায়েকের সহজ ক্যাচটা হাতে নিতে পারেননি মাহমুদউল্লাহ। ২২ রানের সময় রুবেল হোসেনের বলে মিড উইকেটেও ক্যাচের মতো তুলেছিলেন সেনানায়েকে। তবে হাত ফসকানো অন্য ক্যাচগুলো এতই সহজ ছিল যে ওটা ধরা অসম্ভবই মনে হচ্ছিল।
প্রথম জীবন পাওয়ার পর থিসারা পেরেরা রান করেছেন আরও ৭৩, সেনানায়েকে ২৫। শেষ পর্যন্ত করা ১৮০ রান থেকে তাদের এই ‘বোনাস’ রান বাদ দিলে শ্রীলঙ্কার রান দাঁড়ায় মাত্র ৮২! তবে পেরেরা-সেনানায়েকেকে প্রথম সুযোগেই আউট করা গেলে শ্রীলঙ্কা কি আসলেই ৮২ রানে অলআউট হতো? তখন হয়তো দাঁড়িয়ে যেত অন্য কেউ! কিন্তু এটা তো ঠিক, কাল ক্যাচ ধরাটা সত্যি সত্যি ভুলে গিয়েছিলেন বাংলাদেশের ফিল্ডাররা।