ক্যাচ মিসে 'ম্যাচ মিস' নয়তো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসিরের হাত ফসকে বেরিয়ে গেল দারুণ এক ক্যাচ! ছবি: এএফপি।
নাসিরের হাত ফসকে বেরিয়ে গেল দারুণ এক ক্যাচ! ছবি: এএফপি।

প্রথম টি-টোয়েন্টিতে ক্যাচিংটা কী দুর্দান্তই না হয়েছিল বাংলাদেশের। দৃষ্টি-নন্দন সব ক্যাচে লঙ্কানদের সেদিন বিপদে ফেলেছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। কিন্তু আজ? শূন্যে বল উঠলেই যে তাঁদের হাতের তালু হয়ে উঠল বড্ড বেশি পিচ্ছিল!

সাকিব আল হাসান, রুবেল হোসেন আর আরাফাত সানীর দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কা যখন ধুঁকছে, ঠিক তখনই হাতে যেন মাখন মাখিয়ে নিলেন বাংলাদেশের ফিল্ডাররা। একের পর এক ক্যাচে শেষ দুই লঙ্কান ব্যাটসম্যানকে তাঁরা ফিরিয়ে দিলেন আত্মবিশ্বাস। থিসারা পেরেরা খেললেন ৮০ রানের ইনিংস। অথচ উইকেটে আসার সঙ্গে সঙ্গেই যে শেষ হয়ে যায় পেরেরার ইনিংস। প্রথমে সোহাগ গাজী, এরপর নাসির হোসেন।

পেরেরাকে যেন তাঁরা দিলেন খেলে যাওয়ার সবুজ সংকেত। এরপর মাহমুদউল্লাহ ও সাকিবও যোগ দিলেন ক্যাচ ফেলার মিছিলে। ৬৮ রানে ৮ উইকেট হারিয়ে লঙ্কানরা যখন দিশেহারা ঠিক তখনই ক্যাচ ফেলার ‘প্রতিযোগিতা’ তাঁদের জোগাল লড়াইয়ের রসদ।

শ্রীলঙ্কার ১৮০ রানকে এই মুহূর্তে যথেষ্টই চ্যালেঞ্জিং মনে হচ্ছে। ৬৮ রানে ৮ উইকেট পড়ে যাওয়া দলের ১৮০-তে পৌঁছানোই তো আত্মবিশ্বাসী জাগানিয়া।
ক্যাচ মিসের খেসারত বাংলাদেশকে আজ রাতে দিতে হয় কি না কে জানে!