ক্যাচ মিসের দোষ ফ্লাডলাইটের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাচ মিসের কারণ হিসেবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের আলোকস্বল্পতাকে দায়ী করেছেন সুরেশ রায়না
ক্যাচ মিসের কারণ হিসেবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের আলোকস্বল্পতাকে দায়ী করেছেন সুরেশ রায়না

‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’—কথাটা ক্রিকেট বিশ্বে বেশ ভালোই পরিচিত। একটা ক্যাচ ফেলে দেওয়ার জন্য সত্যিই ম্যাচ হারতে হয়েছে, এমন উদাহরণও ক্রিকেট ইতিহাসে অনেক আছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায়ই মনে পড়ছে বহু ব্যবহূত এই কথাটা। বিশেষত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর সময়। এখন পর্যন্ত মিরপুরের চারটি ম্যাচে ফিল্ডারদের হাত গলে বেরিয়ে গেছে ১০টি ক্যাচ। কারণ হিসেবে অনেক খেলোয়াড়ই দায়ী করেছেন স্টেডিয়ামের আলোকস্বল্পতাকে।

ভালো ফিল্ডার হিসেবে বেশ ভালোই সুনাম কুড়িয়েছেন যুবরাজ সিং, সুরেশ রায়না। কিন্তু ভারতীয় এই দুই ক্রিকেটারকেও দেখা গেছে ক্যাচ ফেলতে। যুবরাজ মিস করেছেন দুটি ক্যাচ। আলোকস্বল্পতাকে দায়ী করে রায়না বলেছেন, ‘এই মাঠে আলো কিছুটা কম। মিড উইকেটে ফিল্ডিং করার সময় সমস্যার মধ্যে পড়তে হয়।’

মহেন্দ্র সিং ধোনিও অনুভব করছেন সমস্যাটা। কী কারণে এটা হচ্ছে, সেটা অবশ্য নির্ধারণ করতে পারেননি ভারতীয় অধিনায়ক, ‘এখানে কিছু একটা ঠিক নেই। শুধু ভারতীয় ক্রিকেট দলকেই এই সমস্যার মুখে পড়তে হচ্ছে, ব্যাপারটা এমন না। সীমানায় দাঁড়ানো ফিল্ডারদের চারপাশের পরিস্থিতির কারণে বল দেখতে সমস্যা হচ্ছে কি না, বুঝতে পারছি না।’

ভালো ফিল্ডিংয়ের জন্য সুপরিচিত অস্ট্রেলিয়া ক্রিকেট দলকেও দেখা গেছে সহজ ক্যাচের সুযোগ নষ্ট করতে। মাঠের পশ্চিম পাশে এই সমস্যাটা আরও বেশি করে হচ্ছে বলে মনে করছেন অনেকে। গ্যালারির সাদা রঙের আসনগুলোর সঙ্গে বলের সাদা রংটা এমনভাবে মিশে যাচ্ছে যে খেলোয়াড়দের ক্যাচ ধরতে সমস্যা হচ্ছে। বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমও উড়িয়ে দেননি সম্ভাবনাটা। তিনি বলেছেন, ‘গ্যালারি আর মাঠের পরিবেশের কারণে কিছু সময় ক্যাচ ধরার কাজটা কঠিন হয়ে যায়। যেকোনো জায়গাতেই ফ্লাডলাইটের নিচে ক্যাচ ধরার কাজটা কঠিন। কিন্তু এখানকার নিচু গ্যালারি আর দর্শকের উপস্থিতি উঁচুতে উঠে যাওয়া ক্যাচগুলো ধরার ক্ষেত্রে সমস্যা তৈরি করে।’

ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসনও সমর্থন জুগিয়েছেন রায়নাকে। তাঁর দৃষ্টিতেও মিরপুরের আলোকস্বল্পতাই ফিল্ডারদের ক্যাচ মিসের পেছনে প্রধান ভূমিকা পালন করছে, ‘রাতের খেলাগুলোতে অনেক ম্যাচ মিস হচ্ছে। ফিল্ডাররা যখন একটা নির্দিষ্ট উচ্চতায় উইকেটরক্ষকের দিকে বল পাঠান, তখন মনে হয় উইকেটরক্ষক সেটা দেখতে পাচ্ছে না। এখানে আলোর কিছু স্বল্পতা আছে।’