ক্যাচ মিসের মহড়ায় সুযোগ হাতছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫৩ রান করে সাজঘরে ফিরছেন করুনারত্নে। এখন পর্যন্ত বল হাতে এটাই বাংলাদেশের একমাত্র সাফল্য। ছবি: রয়টার্স
৫৩ রান করে সাজঘরে ফিরছেন করুনারত্নে। এখন পর্যন্ত বল হাতে এটাই বাংলাদেশের একমাত্র সাফল্য। ছবি: রয়টার্স

সাকিব কালই আশঙ্কা করেছিলেন ব্যাপারটি। এই উইকেটে লঙ্কান ব্যাটসম্যানদের আউট করাটা খুব কঠিন হবে। মিরপুর টেস্টের দ্বিতীয় দিন সকালের প্রথম সেশনটা যেন তাঁর কথারই প্রতিধ্বনি তুলছে। হ্যাঁ, এই উইকেটে বোলারদের কাজটা সত্যিই খুব কঠিন।

বোলারদের কাজটা আরও কঠিন করে তুলেছে ক্যাচ মিসের মহড়া। আবার দুর্ভাগ্যও যেন তাড়া করে ফিরছে বাংলাদেশের পেছন পেছন। নয়তো শ্রীলঙ্কার অন্যতম উদ্বোধনী ব্যাটসম্যান কুশল সিলভা বারবার জীবন পাবেন কেন। আল-আমিন হোসেনের বলেই এই সিলভার ক্যাচ দুইবার দুই জায়গায় ফেলেছেন মুশফিকুর রহিম ও শামসুর রহমান। কুশল সিলভা আজ সকালে কার মুখ দেখে উঠেছিলেন, কে জানে! ওই আল-আমিনের বলে ক্যাচ তুলে সাজঘরের দিকে হাঁটা ধরলেও ফলো থ্রুতে আল-আমিনের পা লেগে বেল পড়ে যাওয়া রিভিউয়ে তিনি বেঁচে গেলেন। বারবার জীবন পেয়ে সেই কুশল এ মুহূর্তে অপরাজিত ৬৬ রানে। তিনি কোথায় থামবেন—কে জানে! দিমুথ করুণারত্নের বিদায়ের পর কুমার সাঙ্গাকারা এসে জুটি বেঁধেছেন তাঁর সঙ্গে। করুণারত্নে ফিরেছেন ৫৩ রানে।

প্রথম উইকেটে ১১৮ রান তুলেছেন কুশল সিলভা আর দিমুথ করুণারত্নে। আজ সকালে বাংলাদেশের পক্ষে একমাত্র সাফল্য সাকিব আল হাসানের। এ ক্ষেত্রে তিনি নিজেকে কিছুটা সৌভাগ্যবান ভাবতেই পারেন। কারণ করুণারত্নেকে ফিরিয়ে দেওয়ার বলটি মোটেও উইকেট নেওয়ার মতো ছিল না। সাকিবের হাফভলি ধরনের বলটি ব্যাক ফুটে খেলতে গিয়ে তিনি মিড অফে ধরা পড়েন রবিউল ইসলামের হাতে।
মধ্যাহ্নবিরতির সময় শ্রীলঙ্কার সংগ্রহ ছিল এক উইকেটে ১৩৯। সাঙ্গাকারা অপরাজিত আছেন ২১ রানে।