ক্যাচের দাম ৮৩ হাজার মার্কিন ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইয়ের সেই বিজ্ঞাপন: লুফে নাও মিলিয়ন ডলার! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও এ অফার চলবে। নেবেন নাকি একটা চান্স!
টুইয়ের সেই বিজ্ঞাপন: লুফে নাও মিলিয়ন ডলার! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও এ অফার চলবে। নেবেন নাকি একটা চান্স!

ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগেই ঘোষণাটি দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলের অফিসিয়াল বিয়ার কোম্পানি টুই। ঘোষণাটি কী? নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন যদি কোনো দর্শক ব্যাটসম্যানের হাঁকানো ছক্কা গ্যালারিতে ক্যাচ হিসেবে এক হাতে লুফে নেন, তবেই তিনি পাবেন এক লাখ নিউজিল্যান্ড ডলার (মার্কিন ডলারে ৮৩ হাজার)!

বলে নেওয়া ভালো, কেবল ক্যাচ ধরলেই চলবে না। তার আগে দর্শককে পূরণ করতে হবে কয়েকটি শর্ত। টুইর ‘ক্যাচ আ মিলিয়ন’ স্লোগানে নেওয়া এ কর্মসূচির শর্তগুলো হচ্ছে—প্রথমে অনলাইন থেকে তাদের ট্রেডমার্ক কমলা রঙের টি-শার্ট ও কার্ড জোগাড় করতে হবে। এরপর টুইয়ের দেওয়া কার্ড গলায় ঝুলিয়ে স্টেডিয়ামে ঢুকতে হবে। ব্যাটসম্যানের ছক্কা হাঁকানো বলটি গ্যালারিতে দুই হাতে নয়; এক হাতে লুফে নিতে হবে। ব্যস, কেল্লা ফতে! ভাগ্যবান দর্শক পেয়ে যাবেন কচকচে এক মিলিয়ন ডলার!

এবার মূল কথায় আসা যাক, নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের গত চারটি ওয়ানডে ম্যাচে কোনো দর্শকই শর্ত মেনে ক্যাচ তালুবন্দী করতে পারেননি। কিন্তু হ্যামিলটনের সেডন পার্কে সিরিজের শেষ ম্যাচে সে ‘বন্ধ্যাত্ব’ ঘোচাল মাইকেল মর্টন নামের এক দর্শক! ওয়েস্ট ইন্ডিজের ওপেনার কাইরন পাওয়ালের হাঁকানো একটি ছক্কা ফট করে এক হাতে লুফে নেন তিনি। কেবল ক্যাচই লুফে নিলেন না, আদতে মুঠোয় পুরলেন এক লাখ নিউজিল্যান্ড ডলার!

ভাগ্যবান ও করিতকর্মা মর্টনের মন্তব্য, ‘অবিশ্বাস্য! বাবার পাশে বসে ছিলাম। তিনি (বাবা) তো ভয়ে চিত্কার করে উঠলেন,‘‘ওরে মাইকেল!’’ আমি তরাক করে দাঁড়িয়ে গেলাম। ভেবেছিলাম চোখের সামনেই হাতছাড়া হয়ে যাবে। এরপর হাতটা স্রেফ বাড়িয়ে দিলাম। কীভাবে যেন বলটা জমে গেল। আমি দারুণ খুশি!’ রয়টার্স