ক্যাটিচের পাশে দাঁড়ালেন পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই-তিন বছরে ধারাবাহিক ভালো পারফরমেন্স থাকা সত্ত্বেও সাইমন ক্যাটিচের কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়ান নির্বাচকেরা। ক্যাটিচসহ সাবেক ক্রিকেটারদের অনেকেই এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন। এবার এই অসি টেস্ট ওপেনার পাশে পেলেন সাবেক অধিনায়ক রিকি পন্টিংকেও। ক্যাটিচকে বাদ দেওয়ার এ সিদ্ধান্তকে খুবই হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন পন্টিং।দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব নিয়ে ও রান-খরার কারণে অনেক সমালোচনার শিকার হলেও চুক্তি নবায়ন করা হয়েছে রিকি পন্টিংয়ের। কিন্তু ক্যাটিচকে কেন বাদ দেওয়া হলো তা কিছুতেই বুঝতে পারছেন না অস্ট্রেলিয়ার দুবারের বিশ্বকাপজয়ী দলের এ অধিনায়ক। গতকাল নাইন নেটওয়ার্ক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে পন্টিং বলেছেন, ‘গত দুই বা তিন বছরে ক্যাটিচের পারফরমেন্স বিশ্বের যেকোনো ব্যাটসম্যানের তুলনায় অনেক ভালো ছিল। তার পরও তাঁকে কেন দল থেকে বাদ দেওয়া হলো এটা আমি বুঝতে পারছি না। নির্বাচকদের এ সিদ্ধান্তে সে নিশ্চিতভাবেই অনেক আঘাত পেয়েছে। আর এটা আমার জন্যও অনেক হতাশাজনক।’২০১৩ সালের অ্যাশেজ সিরিজের জন্য নতুন একটি উদ্বোধনী জুটি গড়ে তোলার লক্ষ্যেই ক্যাটিচকে বাদ দেওয়া হয়েছে বলে যুক্তি দেখিয়েছিলেন অসি নির্বাচকেরা। রয়টার্স।