ক্যাডিদের চোখে কোর্সকে চেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রুয়ারিতে ফেসবুকে মজা করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সিদ্দিকুর রহমান। নতুন জীবনসঙ্গিনী অ্যামেচার গলফার সামাউন আঞ্জুম অরনির ছবি দেখিয়ে লিখেছিলেন, ‘মাই নিউ ক্যাডি।’ সিদ্দিকুর মজা করে লিখলেও বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে সত্যি করেই বান্ধবী জুলি হোয়াইটকে ক্যাডি বানিয়ে এনেছেন সুইডেনের গলফার নিকোলাস ইয়োহানসন।
যুক্তরাষ্ট্রের সাঁতারু জুলি সাঁতার ছেড়ে দিয়েছেন শুধুই বয়ফ্রেন্ডের জন্য। বর্তমানে সুইডেনেই থাকছেন ইয়োহানসনের সঙ্গে। মাত্র দুটি এশিয়ান ট্যুরে খেলা ইয়োহানসনের ক্যাডি হয়েছেন বন্ধুকে বেশি সময় দেওয়ার আশায়। কাজটা দারুণ উপভোগ করছেন যুক্তরাষ্ট্রের তরুণী, ‘এটা খুবই মজার একটা পেশা। ক্যাডি হিসেবে কাজ করতে গিয়ে বিভিন্ন দেশের নানা রকম মানুষের সঙ্গে মিশতে পারি। আমার তো খুব ভালোই লাগছে।’
কুর্মিটোলায় এসে জুলি সবার আগে খোঁজখবর নিয়েছেন কোর্স সম্পর্কে। কুর্মিটোলার কোর্স কতখানি সবুজ, এখানে ঘাস কেমন। বৃষ্টির পর কোর্সের অবস্থা কেমন হয়—সব খুঁটিয়ে খুঁটিয়ে জেনেছেন। এসব তথ্য জানতে জুলিকে ভরসা করতে হয়েছে স্থানীয় ক্যাডিদের ওপর।
বসুন্ধরা বাংলাদেশ ওপেনে অংশ নেওয়া ১৫৬ গলফারের বেশির ভাগই নিয়েছেন স্থানীয় ক্যাডি। সিদ্দিকুর রহমানের সঙ্গে পাঁচ বছর ধরে ক্যাডির চাকরি করছেন মালয়েশিয়ার জোহারি আবু বকর। বিদেশি গলফারদের মধ্যে মাত্র ৯ জন সঙ্গে ক্যাডি নিয়ে এসেছেন। বাকি ১৪৬ জন বাংলাদেশের। বিদেশি ও স্থানীয় গলফারদের সঙ্গে কাজ করছেন তাঁরা। এই ক্যাডিদের জন্য টুর্নামেন্টটা ঈদের আনন্দের মতোই!
ফ্রান্সের গলফার ভিয়েলেদেন্ত আরবানের ক্যাডি হিসেবে কাজ করছেন মোহাম্মদ কুদ্দুস। ঢাকায় এমন টুর্নামেন্ট আরও বেশি করে চান তিনি, ‘সারা বিশ্বের এত গলফার একসঙ্গে এখানে খেলছে, এটা দেখতেই তো খুব ভালো লাগছে। ওদের আমরা সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করছি। ওরা যেন দেশে ফিরে বলতে পারে বাংলাদেশিরা খুবই ভালো কাজ করে।’
সাধারণত ঘরোয়া টুর্নামেন্টে প্রতিদিন ৩০০ টাকা করে পারিশ্রমিক পান একজন ক্যাডি। কিন্তু এশিয়ান ট্যুর উপলক্ষে তাঁদের প্রত্যেককে দেওয়া হচ্ছে ২৪০০ টাকা করে। কুদ্দুসদের কাছে এটাও অনেক বড় প্রাপ্তি।
বিদেশি গলফারদের প্রথম পছন্দ স্থানীয় ক্যাডি। কেন, সেই ব্যাখ্যা দিলেন কুদ্দুস, ‘এরা প্রথমে এসেই আমাদের কাছে জানতে চান, কোর্সের ডানে-বাঁয়ে কী আছে? পাটিং ‘গ্রিন’ কত গজ দূরে? পাটিং করার সময় ওই লাইনটা ব্যবহার করেন। কারেকশন নেন।’
বিদেশিদের জন্য যে কোর্সটা অচেনা, সেই কুর্মিটোলা সিদ্দিকুরদের কাছে খুব আপন। স্থানীয়রাই এখানে ভালো করবে বলে মনে হয়েছে এই ক্যাডিদের। শ্রীলঙ্কান গলফার মিথুন পেরেরার ক্যাডি আবু তাহের যেমন বললেন, ‘সিদ্দিকুর-জামালদেরই কেউ হয়তো চ্যাম্পিয়ন হবেন।’ ক্যাডিদের কথা সত্যি হলে শিরোপাটা তো বাংলাদেশেই থেকে যায়।