ক্যানসার আক্রান্ত ‘৫০’ শিশুর পাশে শচীন
দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে পুনার একটা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছিল ১০ বছরের দুর্গেশ। ছেলের ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করার মতো সংগতি ছিল না তার বিধবা মা সুমন ওয়াডটেলের। পাগলের মতো এখানে-ওখানে আর্থিক সহায়তার আবেদন জানিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একদিন দুর্গেশের কেমোথেরাপির জন্য ডাকযোগে পেয়ে গেলেন ১৫ হাজার রুপির একটা চেক। খুশিতে আত্মহারা হয়ে গেলেন সুমন ওয়াডটেল। আনন্দের পরিমাণটা আরও বেড়ে গেল যখন জানতে পারলেন, ছেলের চিকিৎসার জন্য এ অর্থটা এসেছে খোদ ভারতের ব্যাটিং বিস্ময় শচীন টেন্ডুলকার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা থেকে। পরে তিনি বলেছিলেন, ‘আমি যখন বিভিন্ন জায়গায় আর্থিক সাহায্যের জন্য আবেদন জানাচ্ছিলাম, তখন জানতাম না যে এগুলোর মধ্যে একটার সঙ্গে শচীন টেন্ডুলকারেরও যোগাযোগ আছে। আমার ছেলের চিকিত্সার সঙ্গে শচীন টেন্ডুলকারের সংযুক্তি আমার খুশির মাত্রা দ্বিগুণ করেছিল।’এটি প্রায় ছয় মাস আগের ঘটনা। এখন দুর্গেশের মতো ভারতের আরও ২০টি ক্যানসার আক্রান্ত শিশু টেন্ডুলকারের চালু করা এ তহবিল থেকে চিকিৎসা সহায়তা পাচ্ছে। গত মে মাসে ক্যানসার আক্রান্ত শিশুদের সাহায্যের জন্য এক টুইটার বার্তায় ভক্তদের কাছে আবেদন জানিয়েছিলেন শচীন টেন্ডুলকার। মাত্র কয়েক দিনের মধ্যেই সংগ্রহ করা হয়েছিল প্রায় দেড় কোটি রুপি। এ ছাড়া টেন্ডুলকারের স্বাক্ষর-সংবলিত বিভিন্ন স্মারক বিক্রির টাকাও যুক্ত হয়েছিল এ তহবিলে। সেই অর্থ এখন পর্যন্ত ব্যয় করা হয়েছে ২০ জন ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার্থে। আর সেঞ্চুরিয়ন টেস্টে টেন্ডুলকার সেঞ্চুরির ‘হাফ সেঞ্চুরি’ করার বিরল কৃতিত্ব অর্জনের পর বাঁচার স্বপ্ন দেখতে পারবে আরও অনেক ক্যানসার আক্রান্ত শিশু। এ তহবিলের পরিচালক ড. পি জগন্নাথের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছেন, লিটল মাস্টারের এ কীর্তি স্মরণীয় করে রাখতে ২০১১ সালের জুনের মধ্যেই আরও ৫০টি শিশুকে চিকিৎসা সহায়তা দেওয়া হবে। প্রতিটি শিশুর পেছনে ব্যয় করা হবে এক লাখ রুপি।