ক্যানসার জয়ের মন্ত্র শেখালেন যুবরাজ-মনীষা

‘ক্যানসার হলে আর রক্ষা নেই’—ব্যাপারটি এখন আর তেমন নয়। ক্যানসার ভয়াবহ ব্যাধি, সন্দেহ নেই; কিন্তু এই রোগের হাত থেকে নিস্তার পাওয়া কিংবা লড়াই করে এই প্রাণঘাতী রোগকে পরাজিত করার অসংখ্য নজির এই পৃথিবীতে আছে। ভারতের তারকাজগতেই যুবরাজ সিং কিংবা মনীষা কৈরালাই তো এমন লড়াইয়ের দুর্দান্ত দুই উদাহরণ।
দুই মেরুর দুই তারকা। একজন খেলোয়াড়, অন্যজন রুপালি পর্দার অভিনেত্রী। কিন্তু একটা জায়গায় দুজনের মধ্যে কী আশ্চর্য মিল! দুজনই প্রাণঘাতী ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে ফিরেছেন স্বাভাবিক জীবনে। গতকাল কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁরা জানালেন নিজেদের অভিজ্ঞতার কথা। সেই সঙ্গে ঘোষণা দিলেন, এখন থেকে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা দুজন কাজ করবেন হাতে হাত রেখে।
যুবরাজ মনে করেন, ক্যানসার এমনই একটা রোগ, যার সঙ্গে কেবল লড়াই করে যেতে হবে। কোন পর্যায়ে ক্যানসার ধরা পড়ল, সেটা কোনো সমস্যা নয়। লড়াইটা চালিয়ে যেতেই হবে।
মনীষা নিজেকে ক্যানসার থেকে বেঁচে ফেরা রোগী মনে করতে নারাজ। তিনি মনে করেন, ক্যানসারের বিরুদ্ধে তিনি এক লড়াকু যোদ্ধা। বলিউডের এই অভিনেত্রী সাধারণ ক্যানসার রোগীদেরও ব্যাপারটি এভাবে দেখার আহ্বান জানিয়ে বলেন, ‘যোদ্ধার মনোভাব না থাকলে ক্যানসারের বিপক্ষে লড়ে জেতা যায় না। যোদ্ধার ক্রোধ দিয়েই ক্যানসার মোকাবিলা করতে হবে। আমি সেভাবেই লড়েছি এবং সফল হয়েছি।’
অনুষ্ঠানে মনীষাকে নিজের আত্মজীবনীও উপহার দিয়েছেন যুবরাজ। ‘দ্য টেস্ট অব মাই লাইফ’ নামের এই আত্মজীবনীতে আছে ২০১১ সাল থেকে টানা এক বছর ক্যানসারের সঙ্গে যুবরাজের লড়াইয়ের নানা অজানা কাহিনি। সেই সঙ্গে আছে সুস্থ হয়ে ক্রিকেটে ফেরার পর্যায়গুলোর বর্ণনা। সূত্র: আইএএনএস।