ক্যানসার জয় করে...

সুসময়ে তো অনেক ভক্ত-সমর্থকই মেলে। ট্রাভিস হ্যাকেট যখন লেস্টার সিটির প্রেমে পড়েছিল, ক্লাবটির তখন ভীষণ দুঃসময় চলছে। ২০১৪-১৫ মৌসুমে অবনমন বাঁচাতে লড়ছে লেস্টার। ১৩ বছরের আমেরিকান কিশোর হ্যাকেটও তখন ক্যানসারের বিরুদ্ধে লড়ছে। তার নিজের লড়াই আর লেস্টারের লড়াইয়ের মধ্যে একটা মিল খুঁজে পেল হ্যাকেট। হয়ে গেল লেস্টার সমর্থক!
তারপর কী হলো, সেই গল্পটা তো সবার জানা। শুধু অবনমন থেকেই বাঁচল না লেস্টার, পরের মৌসুমে রূপকথা লিখে জিতে গেল প্রিমিয়ার লিগ। সেই রূপকথা বিশ্বাস হচ্ছিল না হ্যাকেটেরও, ‘ওরা যেভাবে অবনমন থেকে বাঁচল, আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। তারপরের মৌসুমে ট্রফি জয় তো অবিশ্বাস্য! পুরো সময়টাতেই ওদের কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি ক্যানসারের বিরুদ্ধে লড়তে।’
লেস্টারের গল্পের তো ‘মধুরেণ সমাপয়েৎ’ হলো, হ্যাকেটের কী হলো পরে? এটা আরও দুর্দান্ত। চিকিৎসকদের সাহায্যে ক্যানসার জয় করল সে-ও। এখন সে পুরোপুরি সুস্থ।
ভাবছেন গল্পটা এখানেই শেষ? মোটেই না। এমন ভালোবাসার গল্প হুট করে শেষ হয়ে যায় নাকি! লেস্টারের প্রতি হ্যাকেটের এই ভালোবাসা জানল অনেকে। একটা দাতব্য প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ড এল হ্যাকেট। শুধু তা-ই নয়, গত মঙ্গলবার সান্ডারল্যান্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে তার হাত ধরেই মাঠে ঢুকেছেন লেস্টার গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। সেই অনুভূতির কথা বলতে গিয়ে ধরে এল হ্যাকেটের গলা, ‘আমি ভাষাহীন হয়ে গিয়েছিল, কাঁদছিলাম। কী করব বুঝে উঠতে পারছিলাম না, মনে হচ্ছিল আমি আকাশে উড়ছি।’
এমন একজন সমর্থক পেয়ে আনন্দিত লেস্টার কোচ ক্রেইগ শেক্সপিয়ারও, ‘একটা বাচ্চার মুখে হাসি ফোটানোর মতো দারুণ কিছু আর আছে নাকি! কোনো ট্রফি জয়ের আনন্দ এর চেয়ে বড় হতে পারে না।’ ফক্স স্পোর্টস।