ক্যানসার নয় কিলিমানজারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের টেনিসের অন্যতম পথিকৃত্। সমকামীদের অধিকার রক্ষার আন্দোলনেও ছিলেন সামনের সারিতে। জীবনে চলার পথে প্রতিটি বাধা আর চ্যালেঞ্জকে জিতে এগিয়ে যাওয়া মার্টিনা নাভ্রাতিলোভা আজ ক্যানসারের কাছে হার মানতে নারাজ। স্তন ক্যানসারে আক্রান্ত মেয়েদের টেনিসের এই জীবন্ত কিংবদন্তি এবার ঘোষণা দিয়েছেন কিলিমানজারো পর্বতে উঠবেন। ১৯৩৪১ ফুট উচ্চতার আফ্রিকার সবচেয়ে উঁচু এই পর্বতে এ বছরের শেষে ওঠার কথা তাঁর। উদ্দেশ্য, লরিয়াস স্পোর্টস ফর গুড ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহ করা। এখন থেকেই পাহাড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছেন এই ৫৩ বছর বয়সী। পাহাড় যে তাঁকে ডাকছে হাতছানি দিয়ে! ওয়েবসাইট।গত ফেব্রুয়ারিতে রুটিনমাফিক ম্যামোগ্রাম করাতে গিয়েই ধরা পড়ে ক্যানসার। প্রাথমিক স্তরেই রোগ শনাক্ত হওয়ায় দ্রুত সেরে উঠবেন বলেই জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। এ ঘটনাকে ‘জীবনের ব্যক্তিগত ৯/১১’ আখ্যা দেওয়া নাভ্রাতিলোভাও হার মানতে রাজি নন ক্যানসারের কাছে।‘ক্যানসার আক্রান্ত হওয়া মানে থেমে যাওয়া নয়, নয় জীবনের ওলটপালট। বরং আপনি নিশ্চিত করুন, জীবনের সব চাওয়াগুলো যেন পূরণ হয়’—পৃথিবীব্যাপী ক্যানসারে আক্রান্তদের উদ্দেশে নাভ্রাতিলোভার প্রেরণামন্ত্র। শুধু বলেই ক্ষান্ত নন, কাজেও প্রমাণ করে দেবেন বলেই কিলিমানজারো জয়ের স্বপ্ন বুনছেন। ‘আমি...আমি কিলিমানজারো উঠছি লরিয়াসের হয়ে। লরিয়াস একাডেমির সদস্য আমি। আমাদের স্পোর্টস ফর গুড নামের একটা ফাউন্ডেশন আছে। এর জন্য আমরা তহবিল সংগ্রহের চেষ্টা করে যাচ্ছি। আশা করি, আমি এর চূড়ায় উঠতে পারব।’তা নিশ্চয়ই পারবেন। বয়স, রোগ কোনোটাই বাধার দেয়াল তুলে দাঁড়াতে পারবে না তাঁর সামনে। তিনি যে নাভ্রাতিলোভা!